আদিলুর রহমানকে মালয়েশিয়ায় ঢুকতে বাধা, ঢাকায় ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছানোর পর অভিবাসন পুলিশ তাঁকে সেখানে আটকে রাখে। এরপর রাতে ওই উড়োজাহাজ সংস্থার ফিরতি ফ্লাইটে তাঁকে ঢাকায় ফেরত পাঠানো হয়।

রাত ১১ টায় আদিলুরের ঢাকায় ফেরার তথ্য নিশ্চিত করেছেন অধিকারের সমন্বয়কারী সাজ্জাদ হোসেন। এর আগে অধিকারের পরিচালক নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এপিডিএন) আয়োজিত মৃত্যুদণ্ড রহিত করার বিষয়ে দুই দিনের এক সেমিনারে যোগ দিতে গতকাল মালয়েশিয়ায় পৌঁছান আদিলুর রহমান খান। আজ শুক্রবার থেকে ওই সেমিনার শুরুর কথা।

এএফপির খবরে বলা হয়, গতকাল ভোরে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর আদিলুর রহমান খানকে আটক করা হয়। মালয়েশিয়ার অভিবাসন দপ্তর এক বিবৃতিতে বলেছে, যেসব বিদেশির মালয়েশিয়ায় ঢুকতে বাধা আছে, ওই তালিকায় আদিলুর রহমানের নাম রয়েছে। তাই তাঁকে ঢুকতে দেওয়া হয়নি।

মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুয়ারা রায়কাত মালয়েশিয়া (সুয়ারাম) এক বিবৃতিতে জানায়, তাঁকে আটকের পর বিমানবন্দরে অভিবাসন পুলিশের হাজতে রাখা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) আদিলুর রহমানকে মালয়েশিয়ার বিমানবন্দরে আটকের ঘটনায় উদ্বেগ জানায়।

মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রায়ই বিদেশের গণতন্ত্রকামী কর্মীদের কোনো ব্যাখ্যা ছাড়াই সে দেশে ঢুকতে বাধা দেয়। ২০১৫ সালে হংকংয়ের আমব্রেলা রেভল্যুশন বা হংকং বিপ্লবের অন্যতম সংগঠক ও ছাত্রনেতা জশুয়া উংকে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ সে দেশে ঢুকতে বাধা দিয়েছিল। হংকংয়ের নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তাবিত পরিবর্তনের প্রতিবাদে ২০১৪ সালে দেশটিতে গণতন্ত্রকামীরা পথে নেমেছিল।