আদিলুরকে কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা দিতে নির্দেশ
মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দী মর্যাদা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।
কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার নির্দেশনা চেয়ে আদিলুরের স্ত্রী সায়রা রহমান খান গতকাল রিট আবেদনটি করেন। এতে স্বরাষ্ট্র সচিব, ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক, আইজি প্রিজন এবং ঢাকা ও কাশিমপুর-১-এর কারাধ্যক্ষকে বিবাদী করা হয়। রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ১০ আগস্ট রাতে গুলশান থেকে আদিলুরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।