আদিলুরকে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়ার নির্দেশ

মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন। কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়ার নির্দেশনা চেয়ে আদিলুরের স্ত্রী সায়েরা রহমান খান রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী আসাদুজ্জামান ও রাগিব রউফ চৌধুরী। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক, আইজি প্রিজন এবং ঢাকা ও কাশিমপুর-১-এর কারাধ্যক্ষকে বিবাদী করা হয়। পরে আইনজীবী আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, কারাবিধি ৯১০ ধারায় বিচারাধীন বন্দীর কারাগারে ডিভিশনের বিষয়ে বলা আছে। এ ক্ষেত্রে বন্দীর সামাজিক মর্যাদা, শিক্ষাগত যোগ্যতা, জীবনধারণ পদ্ধতি বিবেচনায় নিয়ে ডিভিশন দেওয়ার কথা বলা আছে। এই যুক্তিতে আবেদনটি করা হয়। আদিলুরকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দিতে বিবাদীদের নির্দেশ ও রুল জারি করেছেন আদালত। হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ১০ আগস্ট রাতে গুলশান থেকে আদিলুরকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের আদেশে জিজ্ঞাসাবাদ অসমাপ্ত রেখেই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত ১০ জুন মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করা হয়। এরপর ১০ জুলাই তথ্য মন্ত্রণালয় অধিকারের তথ্যানুসন্ধান প্রতিবেদন ও ৬১ জনের নাম-ঠিকানা চেয়ে পাঠায়। সরকারের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা আরও গভীরভাবে অনুসন্ধান করে এর প্রকৃত সংখ্যা ও ঘটনা জনগণের সামনে প্রকাশে সরকার আন্তরিক। এরপর অধিকার সেই চিঠির জবাবে হতাহতের কোনো তালিকা না দিয়ে সরকারকে জানায়, হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ ঘটনা তদন্তের জন্য নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে। সেই কমিটির কাছে তারা তালিকা হস্তান্তর করবে।