আদিলুরের জামিন আবেদন নাকচ
তথ্য বিকৃত করে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রুহুল আমিন এই আদেশ দেন।
হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে ৪ সেপ্টেম্বর আদিলুর রহমান খান ও অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে পুলিশি প্রতিবেদন (প্রসিকিউশন) দেয় গোয়েন্দা পুলিশ। পরদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা মামলাটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক হচ্ছেন এ কে এম শামসুল আলম। কিন্তু ট্রাইব্যুনালে কোনো আবেদন করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, অধিকার ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্যসংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করে আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালায় এবং আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ন করে। পাশাপাশি তারা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিরূপ মনোভাবের সৃষ্টি করে, যা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (১) ও (২) ধারায় অপরাধ। প্রতিবেদনে বলা হয়, অধিকারের প্রকাশিত প্রতিবেদনে ৬১ জনের নাম প্রকাশ করা হয়। তদন্তকালে ওইসব ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে ওই আসামিরা উদ্দেশ্যমূলকভাবে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালায় এবং সরকারকে অন্য রাষ্ট্রের কাছে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালায় যা ফৌজদারি কার্যবিধির ৫০৫ ‘সি’ ও ‘ডি’ এবং ৫০৫ ‘এ’ ধারায় অপরাধ।’ গত ১০ আগস্ট আদিলুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।