আদিলুরের জামিন আবেদন নাকচ

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খানের জামিন আবেদন নাকচ করেছেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। আজ বুধবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামসুল আলম এ আদেশ দেন।
আজ এ মামলায় অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। আগামী ২১ অক্টোবর পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
৪ সেপ্টেম্বর আদিলুর রহমানসহ দুজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭ (১) ও ৫৭ (২) ধারা তত্সহ দণ্ডবিধির ৫০৫ (সি)(ডি) ও ৫০৫-এ ধারায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগ দাখিল করে ডিবি পুলিশ।
১১ সেপ্টেম্বর সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদিলুর রহমান খান ও সংস্থাটির পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক নাসির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত ১০ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আদিলুরকে গুলশান থেকে গ্রেপ্তার করে।