আদিলুরের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খানের জামিনের আবেদন গতকাল বুধবার নাকচ করেছেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম এ আদেশ দেন।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এবং মহানগর দায়রা জজ আদালত আদিলুরের জামিনের আবেদন নাকচ করেন।
গতকাল এই মামলার অপর আসামি অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তা দাখিল না করায় আদালত ২১ অক্টোবর পরোয়ানা প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।
বেলা সোয়া ১১টার দিকে আদিলুরকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদিলুরের উপস্থিতিতে তাঁর জামিনের আবেদনের শুনানি হয়। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি কবির হোসেন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করেন। আদিলুরের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান ১৯ সেপ্টেম্বর এই আবেদন করেছিলেন।
আদিলুরকে গত ১০ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।