আদিলুরের জামিন বহাল

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ বহাল আছে। গতকাল মঙ্গলবার হাইকোর্ট ওই মামলায় আদিলুরের ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
এতে স্থগিতাদেশ চেয়ে আজ বুধবার রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন দাখিল করে। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নো-অর্ডার দেন। ফলে আদিলুরের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ বহাল রইল বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির মামলা পরিচালনা করেন। আদিলুরের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন মো. আসাদুজ্জামান।
পরে মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল। চেম্বার বিচারপতি কোনো আদেশ (নো অর্ডার) দেননি।
তবে আসাদুজ্জামান বলেন, চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দেননি। এতে আদিলুরের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রইল। এর ফলে আদিলুরের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আদিলুরের জামিনের আবেদন ২৫ সেপ্টেম্বর নাকচ করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে ৩ অক্টোবর হাইকোর্টে আপিল করে তাঁর জামিন চাওয়া হয়। শুনানি নিয়ে ৮ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল গ্রহণ করে আদিলুরের ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে আদিলুর রহমানকে গত ১০ আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ৪ সেপ্টেম্বর হেফাজত ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ আইনে প্রতিবেদন (প্রসিকিউশন) দেয় পুলিশ। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামলাটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। পরে আদিলুর রহমান ও নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।