আদিলুরের জামিন শুনানি ২৫ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খানের জামিনের আবেদনের ওপর শুনানির জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামছুল আলম এই তারিখ ধার্য করেন। আদিলুরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে পুলিশের করা মামলার অভিযোগ গঠন বিষয়ে গতকাল শুনানির দিন ধার্য ছিল। হরতালের কারণে আসামিকে আদালতে হাজির না করায় এবং রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি নিয়োগ না দেওয়ায় শুনানি হয়নি। তবে আদিলুরের জামিন চেয়ে তাঁর আইনজীবী আবেদন করেন। গত ৫ মে হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতি করে প্রতিবেদন প্রকাশের অভিযোগে আদিলুর ও পরিচালক নাসিরুদ্দীনের (এলান) বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর পুলিশি প্রতিবেদন (প্রসিকিউশন) দেয় ডিবি।