আদিলুরের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য বিকৃতি করে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আদালত ২২ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। গতকাল বুধবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামছুল আলম এই আদেশ দেন।
এ সময় আদালতে উপস্থিত আদিলুর রহমান ও নাসির উদ্দিন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ১১ জনের মৃত্যুর ঘটনাকে অতিরঞ্জিত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে উসকানি দেন আসামিরা। এই অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে অভিযোগ গঠন করা হয়েছে।
গতকাল মামলা থেকে দুই আসামির অব্যাহতি চেয়ে আবেদনও জানানো হয়। শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও রুহুল আমিন ভুইয়া।
হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর প্রতিবেদন (প্রসিকিউশন) দেন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
প্রতিবেদনে বলা হয়, অধিকার ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্য-সংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করে, আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ন করে। পাশাপাশি তারা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিরূপ মনোভাবের সৃষ্টি করে, যা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ (১) ও (২) ধারায় অপরাধ।
গত বছর ১০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম টিম তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে আদিলুর রহমান খানকে গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে। নাসির উদ্দিন ৬ নভেম্বর ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তাঁরা দুজনই হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।