আদিলুরের মামলা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে
তথ্য বিকৃতি করে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার বিচার নিষ্পত্তি করতে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা মামলাটি ঢাকার তেজগাঁওয়ের সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। এই ট্রাইব্যুনালের বিচারক হচ্ছেন এ কে এম শামসুল আলম। আদালতের নির্দেশ পাওয়ার পরপরই মামলার নথিপত্র ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গত বুধবার মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিনের বিরুদ্ধে পুলিশি প্রতিবেদন (প্রসিকিউশন) দেয় ডিবি পুলিশ। গতকাল আদালত তা গ্রহণ করে বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
প্রতিবেদনে বলা হয়, অধিকারের প্রকাশিত প্রতিবেদনে ৬১ জনের নাম প্রকাশ করা হয়। তদন্তকালে ওই সব ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আসামিরা উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর টেষ্টা এবং সরকারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালায়, যা ফৌজদারি কার্যবিধির ৫০৫ ‘সি’ ও ‘ডি’ এবং ৫০৫ ‘এ’ ধারায় অপরাধ।