আদিলুরের মুক্তির দাবি বিএনপি-জামায়াতের, মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ
মানবাধিকার সংস্থা অধিকারের সেক্রেটারি আদিলুর রহমানের মুক্তি দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এক বিবৃতিতে একই দাবি করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঘটনার নিন্দা জানিয়ে আদিলুরের মুক্তির দাবি করেন। এ ছাড়া বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেছেন, তিনি উদ্বিগ্ন। মানবাধিকারের কর্মীদের মানবাধিকার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব। জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টির দিকে তীক্ষ নজর রাখছে। তিনি আরও বলেন, বলা হচ্ছে, তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যদি বস্তুনিষ্ঠতার সঙ্গে আপস না করেন, গুজব বা মিথ্যা তথ্য না ছড়ান, তাহলে রাষ্ট্রের এমন চরম ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। আদিলুর রহমান খান তথ্যপ্রযুক্তি আইনের কোন ধারা কীভাবে ভঙ্গ করেছেন, সেটি স্পষ্ট করতে হবে। তিনি যেন ন্যায়বিচার পান, তাঁর ওপর যেন কোনো অত্যাচার না হয় এবং তিনি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে নিশ্চয়তা দিতে হবে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, মানবাধিকারের কর্মীদের স্বাধীনভাবে কাজ করা ও নিরাপত্তাবোধের ওপর এ ধরনের ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে। সংস্থাটি আরও বলেছে, গণমাধ্যমে প্রকাশ, ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে তথ্যবিকৃতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার-পরবর্তী সময়ে তাঁকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গোয়েন্দা পুলিশ যেভাবে তাঁকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। মানবাধিকার সংগঠন হিসেবে আইন ও সালিশ কেন্দ্র এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করছে।
এশিয়ান হিউম্যান রাইটস কমিশন আদিলুরের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি আদিলুরের পরিবারকে উদ্ধৃত করে বলেছে, তারা পুলিশি হেফাজতে আদিলুরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে।
আদিলুর রহমান খানের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।
আজ রোববার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘যেকোনো বিষয়ে গঠনমূলক সমালোচনার অধিকার সবার রয়েছে। সরকারের এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও কথা বলার অধিকারকে হরণ করে।’
বিবৃতিতে মত প্রকাশের স্বাধীনতাকে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান হাতিয়ার উল্লেখ করে এ-জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং সরকারকে আরও সহনশীল ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানায় টিআইবি।
মানবাধিকার সংস্থা অধিকার জানিয়েছে, গতকাল শনিবার রাত ১০টা ২০ মিনিটে আদিলুর রহমান খান ওরফে শুভ্রকে তাঁর গুলশানের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। অধিকারের দাবি, গত ৫ ও ৬ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই প্রতিবেদনে অধিকার দাবি করেছে, হেফাজতের শত শত কর্মীকে হত্যা করা হয়েছে এবং তারা প্রাথমিকভাবে ৬১ জনের নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে।
প্রসঙ্গত, আদিলুর রহমান খান বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।