আদুরি ভালো নেই নির্যাতনকারী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমানবিক নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরির শরীরে পোড়া ও কাটা ক্ষতে সংক্রমণ দেখা দিয়েছে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে।
হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এইচ এ এম নাজমুল আহসানকে প্রধান করে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকালই মেডিকেল বোর্ড তার চিকিৎসাসেবা শুরু করেছে।
মেডিকেল বোর্ডের সদস্য বিলকিছ বেগম প্রথম আলোকে বলেন, ডাস্টবিনে পড়ে থাকায় সময়মতো চিকিৎসা না পেয়ে আদুরির ক্ষতস্থানে সংক্রমণ দেখা দিয়েছে। সে অপুষ্টি ও রক্তশূন্যতায় ভুগছে। তাকে স্বাভাবিক খাবার দেওয়া হলেও শারীরিক দুর্বলতার কারণে সে স্পষ্ট করেও কথা বলতে পারছে না।
বিছানার পাশে মেয়ের শরীরে নির্যাতনের ক্ষত দেখে তার মা সুফিয়া বেগম ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তিনি বলেন, ‘সোংসার চলে না। কোনো উপায় না দেইখ্যা দুই মাইয়ারে ঢাকায় কাজে দেছেলাম। আদুরিরে ৫০০ টাহা মাসিক ব্যাতন দেওয়ার কথা থাকলেও ওরা এক টাহাও দেয় নায় আমারে। ওরা আমার মাইয়াডারে এমনভাবে নির্যাতন করল ক্যান? বাড়িতে ফেরত পাডাইয়া দেত।’
গত রোববার বিকেলে দুই নারী বারিধারা ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে জীবন্মৃত অবস্থায় শিশু আদুরিকে (১১) উদ্ধার করেন। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাসেবা পেয়ে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর আদুরি হাসপাতালে প্রথম আলোকে জানায়, গৃহকর্ত্রী তাকে মারধর করত। ব্লেড দিয়ে তার শরীরে কেটে দেওয়া ও আয়রন (ইস্তিরি) দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে।
এ নিয়ে একাধিক দৈনিকে খবর ছাপা হলে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তারা পল্লবী থানার সহায়তায় পল্লবীর ১২ নম্বর সেকশনে আদুরির গৃহকর্ত্রী নওরীনের বাসা শনাক্ত করেন এবং সেখান থেকে তাঁকে আটক করেন।
পল্লবী অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে বলেন, গত শুক্রবার আদুরির মামা মো. নজরুল চৌধুরী বাদী হয়ে নওরীন জাহানকে আসামি করে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এ মামলায় নওরীনকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে আদুরিকে নির্যাতনের কথা স্বীকার করেন নওরীন। তবে নওরীন দাবি করেন, আদুরি কথামতো কাজ করত না এবং সে চুরি-চামারি করত। আজ থেকে (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ মামলার তদন্ত করবে।
গতকাল শনিবার ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ওসিসিতে চিকিৎসাধীন আদুরিকে দেখতে যান। তিনি আদুরির সার্বিক খরচ বহন করতে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগকে নির্দেশ দেন।