১১ বছরের শিশু গৃহকর্মী আদুরিকে নির্যাতন করে ডাস্টবিনে ফেলে দেওয়ার অভিযোগে গৃহকর্ত্রী নওরীন জাহানকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
আদুরি রাজধানীর পল্লবীর ১২ নম্বর সেকশনে নওরীনের বাসায় কাজ করত। তাকে গত রোববার বিকেলে বারিধারা ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে অর্ধমৃত অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমে খবর বের হওয়ার পর গতকাল সকালে আদুরির মা সাফিয়া বেগম হাসপাতালে আসেন। তাঁর কাছ থেকে আদুরির কর্মস্থলের খোঁজ পায় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তারা গতকাল গৃহকর্ত্রী নওরীন জাহানকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে ডিএমপির মিডিয়া সেন্টারে নেওয়া হয়। সেখানে নওরীন গৃহকর্মী আদুরিকে মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, দুই মাস আগে আদুরি টাকা-পয়সা, স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। এরপর তাঁরা কোনো খোঁজ করেননি। থানায় কোনো মামলা বা জিডিও করেননি। তাঁর এ বক্তব্য অসত্য ও অবিশ্বাসযোগ্য বলে মনে করছেন পুলিশের কর্মকর্তারা।
ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফাতিহা ইয়াসমিন বলেন, নির্যাতিত শিশুটির ভাষ্যমতে, তাকে গৃহকর্ত্রী নওরীন, তাঁর বোন পুষ্পিতা ও মা ইশরাত জাহান মারধর করতেন। গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দিতেন, ব্লেড দিয়ে শরীর কেটে দিতেন। তবে শিশুটিকে কেন এভাবে নির্যাতন করা হলো, তার বিশদ ঘটনা এখনো জানা যায়নি। তবে গৃহকর্ত্রীর নিজেরও দুটি শিশুকন্যা রয়েছে।
ফাতিমা ইয়াসমিন জানান, গতকাল সকালে আদুরিকে ওয়ার্ড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়। কিছুক্ষণ পরই আদুরির মা সাফিয়া বেগম কয়েকজন স্বজনকে নিয়ে সেখানে আসেন।
আদুরির মা জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর জৈনকাঠিতে। কয়েক মাস আগে পটুয়াখালীর ঠিকাদার চুন্নু মিয়ার মাধ্যমে আদুরিকে ঢাকায় কাজে পাঠানো হয়।
পুলিশ জানায়, নওরীনের স্বামী সাইফুল ইসলাম ওরফে মাসুদ কথিত এমএলএম (বহুস্তরবিশিষ্ট বিপণন) ব্যবসা করতেন। প্রতারণার অভিযোগ মাথায় নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই পলাতক রয়েছেন।