আদুরিকে পাঁচটি রিকশা উপহার দিল পুলিশ

গৃহকর্ত্রীর নির্মম নির্যাতনের শিকার ছোট্ট আদুরিকে পাঁচটি রিকশা উপহার দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে তাকে এই উপহার দেওয়া হয়। এ সময় একজন পুলিশ কর্মকর্তার স্বজনের পাঠানো ৭৬ হাজার টাকাও তার হাতে তুলে দেওয়া হয়।
আদুরিকে রিকশা উপহার দেওয়ার বিষয়ে গতকাল মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের দেশে এ রকম অনেক আদুরি রয়েছে। সবাইকে এক দিনে হয়তো সাহায্য করা সম্ভব হবে না। তবে একজন একজন করে সাহায্য করলে একসময় সবাইকেই পুনর্বাসন করা সম্ভব হবে।’ নিজ নিজ ক্ষেত্র থেকে সহায়তা করার জন্য সংবাদমাধ্যম, ভিকটিম সাপোর্ট সেন্টার, ওসিসি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।
কমিশনার বলেন, আদুরির ঘটনা জানার পর থেকেই পুলিশ তার চিকিৎসাসহ যাবতীয় কিছু তদারকি করে আসছে। এরই মধ্যে এ ঘটনায় অভিযোগপত্রও দেওয়া হয়েছে। উপহার দেওয়া পাঁচটি রিকশা থেকে আসা আয় আদুরির নতুন জীবনে চলার পথে সহায়ক হবে বলে আশা করেন তিনি।
এর আগে গত শনিবার আদুরিকে নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই সময় চিকিৎসকেরা জানান, দীর্ঘদিনের চিকিৎসার কারণে আদুরি এখন অনেকটাই সুস্থ।
গত ২৩ সেপ্টেম্বর বারিধারার একটি ডাস্টবিন থেকে আদুরিকে উদ্ধার করার পর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ নিয়ে একাধিক দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। আদুরিকে নির্যাতন করে ডাস্টবিনে ফেলে দেওয়ার অভিযোগে পুলিশ ২৬ সেপ্টেম্বর পল্লবীর ১২ নম্বর সেকশন থেকে গৃহকর্ত্রী নওরীন জাহান ওরফে নদী ও পরদিন তাঁর মা ইশরাত জাহানকে আটক করে। ২৭ সেপ্টেম্বর আদুরির মামা নজরুল চৌধুরী বাদী হয়ে নওরীনসহ কয়েকজনের বিরুদ্ধে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
১০ অক্টোবর মামলার তদন্ত সংস্থা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ নওরীন ও তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এ বিভাগের একজন কর্মকর্তা মামলাটি দ্রুত বিচার আইনে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রথম আলোকে জানিয়েছেন।
নওরীন ও তাঁর মা বর্তমানে কারাগারে।