আদুরীর অন্য রকম ফিরে আসা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে উত্সুক মানুষের ভিড়। লঞ্চঘাট থেকে বাড়ি পর্যন্ত সবার মুখে একটি নাম—‘আদুরী’। কেউ বলছে, মানুষ এত নিষ্ঠুর হয়! আবার কেউ বলছে, মানুষের জন্যই আদুরী আজ ফিরে পেল অন্য রকম জীবন। এই সেই আদুরী, যে গৃহকর্ত্রীর নির্মম নির্যাতনের শিকার হয়েছিল। মৃত ভেবে তাকে ফেলে দেওয়া হয়েছিল ডাস্টবিনে।

আদুরীদের বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি ইউনিয়নের কৌরখালী গ্রামে। পাঁচ বোন চার ভাইয়ের মধ্যে আদুরী সপ্তম। বাবা খালেক মৃধা বছর তিনেক আগে মারা গেছেন। অন্যের বাড়িতে কাজ করেই চলছিল তাদের সংসার। এক বছর আগে বাড়ির পাশের এক লোকের আত্মীয় আদুরীকে কাজের কথা বলে ঢাকায় নিয়ে যায়। সেখানে গৃহকর্মীর কাজ করার একপর্যায়ে আদুরীর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। মারধর, গরম খুন্তি ও ইস্ত্রির ছ্যাঁকা, ব্লেড ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গা কেটে দেওয়া, মাথায় কোপ, খেতে না দেওয়া ও বাথরুমে আটকে রাখা—নির্যাতনের কিছুই বাদ যায়নি।

আজ বৃহস্পতিবার সকালে আদুরী ঢাকা থেকে পটুয়াখালী গেছে। সে লঞ্চ থেকে নামলে লোকজন আদুরীকে একনজর দেখার জন্য ভিড় করতে থাকে। আদুরী এখনো ভালোভাবে কথা বলতে পারছে না। মুখে আগুনের ছ্যাঁকায় ক্ষত হওয়ায় খেতেও সমস্যা হচ্ছে। মাথায় আঘাতের যন্ত্রণা এখনো আছে। তার পরও আদুরী খুব খুশি বাড়ি ফিরতে পেরে। বলে, ‘খুব ভালো লাগছে। ভাই আইছে, বুইন আইছে, এগো সাথে বাড়ি যামু । খুব ভালো লাগছে।’

বাড়িতে পৌঁছামাত্রই অনেকে আদুরীকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন। এলাকাবাসী ও স্বজনেরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ধন্যবাদ জানান পুলিশ, চিকিত্সক ও সাংবাদিকদের।

জৈনকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘটনাটি অমানবিক। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে! ভাবা যায় না।’ আদুরী ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন তিনি, একইসঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি চাইলেন।

গত ২৩ সেপ্টেম্বর রাজধানীতে এক ডাস্টবিন থেকে কঙ্কালসার মৃতপ্রায় আদুরীকে উদ্ধার করেন দুই নারী। পরে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। আদুরীকে নির্যাতন করে ডাস্টবিনে ফেলে দেওয়ার অভিযোগে পুলিশ ২৬ সেপ্টেম্বর পল্লবীর ১২ নম্বর সেকশনের বাসা থেকে গৃহকর্ত্রী নওরীন জাহান ওরফে নদীকে এবং পরে তাঁর মা ইশরাত জাহানকে আটক করে। পরের দিন নওরীনসহ কয়েকজনের বিরুদ্ধে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।