আদুরীর বাড়ি ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে উৎসুক মানুষের ভিড়। লঞ্চঘাট থেকে বাড়ি পর্যন্ত সবার মুখে মুখে আদুরীর নাম। হ্যাঁ, এই আদুরীকেই গৃহকর্ত্রীর নিষ্ঠুর নির্যাতন সইতে হয়েছিল। সবশেষে তাকে মৃত ভেবে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে।
গতকাল বৃহস্পতিবার সকালে আদুরী (১১) ঢাকা থেকে পটুয়াখালী সদর উপজেলায় এসে পৌঁছায়। লঞ্চ থেকে নামলে লোকজন তাকে দেখার জন্য ভিড় জমান। বাড়িতে পৌঁছামাত্রই অনেকে আদুরীকে জড়িয়ে ধরেন। এলাকাবাসী ও স্বজনেরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি পুলিশ, চিকিৎসক ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। এ সময় অনেকেই নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
আদুরীর বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের কৌরখালী গ্রামে। পাঁচ বোন ও চার ভাইয়ের মধ্যে আদুরী সপ্তম। বাবা খালেক মৃধা বছর তিনেক আগে মারা গেছেন। অভাবের সংসারে অন্যের বাড়িতে কাজ করা ছাড়া গত্যন্তর ছিল না আদুরীর। এক বছর আগে এক প্রতিবেশীর আত্মীয় আদুরীকে কাজের কথা বলে ঢাকায় নিয়ে যান। সেখানে গৃহকর্মীর কাজের একপর্যায়ে আদুরীর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এখনো সে ভালোভাবে কথা বলতে পারছে না। মুখে গরম খুন্তির ছেঁকার ক্ষত এখনো শুকায়নি। মাথার আঘাতের জায়গায় এখনো ব্যথা হচ্ছে। তার পরও আদুরী বাড়ি ফিরে আসতে পেরে খুশি।
লঞ্চঘাটে আদুরী বলে, ‘খুব ভালো লাগছে। ভাই আইছে, বুইন আইছে। এগো সাথে বাড়ি যামু। খুব ভালো লাগছে।’ আদুরীর খালা সাজেদা বেগম জানান, নির্যাতনের কথা মনে পড়লে এখনো আঁতকে উঠছে সে। মা সাফিয়া বেগম বলেন, ‘ওরা আমার মাইয়াডারে এই রহম নির্যাতন করল ক্যান? যারা আমার মাইয়াডারে এত কষ্ট দিছে, হেগো বিচার চাই।’
জৈনকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ আলম বলেন, মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে তা ভাবা যায় না। এ ধরনের জঘন্য কাজ যারা করেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। পরিষদের পক্ষ থেকে আদুরীর পরিবারকে সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।
গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিন থেকে মৃতপ্রায় আদুরীকে উদ্ধার করেন দুই নারী। পরে পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ২৬ সেপ্টেম্বর পল্লবীর ১২ নম্বর সেকশনের বাসা থেকে ওই গৃহকর্ত্রী নওরীন জাহান ওরফে নদীকে এবং পরে তার মা ইশরাত জাহানকে আটক করে। আদুরীর মামা নজরুল চৌধুরী পরদিন নওরীনসহ কয়েকজনের বিরুদ্ধে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।