জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল গতকাল সোমবার এ আবেদন খারিজ করেন।
ইউসুফের আইনজীবী সাইফুর রহমান গতকাল ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন জানান। এই আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শুনানি শেষে ট্রাইব্যুনাল ওই আবেদন খারিজ করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, জোর করে ধর্মান্তরিতকরণ, নিপীড়নসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ১ আগস্ট ট্রাইব্যুনাল ইউসুফের বিরুদ্ধে ১৩টি অভিযোগ গঠন করেন। আগামী ৫ সেপ্টেম্বর এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য আছে।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুসারে, এ কে এম ইউসুফ মুক্তিযুদ্ধকালে বৃহত্তর খুলনার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন এবং খুলনার তৎকালীন বিভিন্ন মহকুমা, থানা ও ইউনিয়ন পর্যায়ে শান্তি কমিটি ও সশস্ত্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন। একাত্তরে ৯৬ জন জামায়াত সদস্য ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে খুলনার আনসার ও ভিডিপি ক্যাম্পে তিনি সর্বপ্রথম সশস্ত্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন।
ইউসুফের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে। ১৯৫২ সালে তিনি জামায়াতে যোগ দেন এবং ১৯৫৭ সালে খুলনা বিভাগীয় জামায়াতের প্রধান হন। ১৯৬২ সালে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তান জামায়াতের ডেপুটি আমির ছিলেন।