আদেশ ১৬ মের মধ্যে বাস্তবায়নের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে বেতন-ভাতা বিষয়ে ১৪ মার্চ দেওয়া আদেশ ১৬ মের মধ্যে বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ১০ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষ গত ১৪ মার্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাসংক্রান্ত একটি কাঠামো আদালতে দাখিল করে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ কিছু সংশোধনের কথা উল্লেখ করে এ বিষয়ে ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিল করতে বলেন। পরে ১৬ এপ্রিল রাষ্ট্রপক্ষ ‘জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতা, প্রজ্ঞাপন জারির পরিবর্তে আইন প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করা যথাযথ হবে’ উল্লেখ করে অন্তত চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত এ বিষয়ে অ্যামিকাস কিউরিদের বক্তব্য শোনা এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে জানিয়ে ২১ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন। ২১ ও ২২ এপ্রিল শুনানি শেষে আদালত ২৫ মে আদেশের দিন ধার্য করেন। গতকাল আদালত আদেশ দেন।আদালত অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে দেশের শীর্ষস্থানীয় সাত আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, রফিক-উল হক, ড. এম জহির, এ এফ হাসান আরিফ, রোকন উদ্দিন মাহমুদ ও তৌফিক নেওয়াজের বক্তব্য শোনেন। তাঁদের বেশির ভাগ এ বিষয়ে সংসদে আইন প্রণয়ন করার বিপক্ষে মত দেন। এ ছাড়া রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মাসদার হোসেন মামলার কৌঁসুলি এম আমীর-উল ইসলাম শুনানি করেন।১৪ মার্চ দেওয়া আদেশের বিষয়ে ওই দিন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, কাঠামোতে জেলা জজ ও সমপদমর্যাদার ২২টি পদ উল্লেখ করা হয়েছে। আদালত সংখ্যা বাদ দিয়ে তা সংশোধন করে বলেছেন, পাঁচ বছর অতিক্রান্ত হলে তাঁরা গ্রেড ওয়ানে উন্নীত হবেন। বিচারকেরা ৫০ শতাংশ বিচারিক ভাতা পেতেন। কাঠামোতে ওই ভাতা ২০ শতাংশ রাখা হয়। আদালত এই ভাতা ৩০ শতাংশে উন্নীত করতে বলেছেন।মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে যাত্রা করে। পরে পে-কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।