কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৌদ্ধমন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় করা আবেদনের ওপর আগামী ৬ নভেম্বর আদেশের দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশের এ দিন ঠিক করেন। ওই ঘটনায় প্রশাসনের নেওয়া পদক্ষেপ এ সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।আদালতে রাষ্ট্রপক্ষে আরও ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান। এ ছাড়া আইনজীবী সুব্রত চৌধুরী ও রিটকারী মো. ইউনুস আলী আকন্দ শুনানিতে অংশ নেন।গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনার পর আইনজীবী ইউনুস আলী আকন্দের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ৩ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে চট্টগ্রামের পটিয়া, কক্সবাজারের টেকনাফ, রামু, উখিয়া এলাকার জনগণ এবং ধর্মীয় স্থাপনা ও বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। ওই সব এলাকায় ঘটে যাওয়া ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকাও সাত দিনের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়।