আদেশের পরও উচ্ছেদ হয়নি বনানী করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের কবিরাজপাড়া আবাসিক এলাকার বনানী করাতকলটি বন্ধ ও উচ্ছেদ করার পরিবেশ অধিদপ্তরের আদেশ পাঁচ মাসেও কার্যকর হয়নি। গতকাল রোববার ক্ষুব্ধ এলাকাবাসী করাতকলটি বন্ধ ও উচ্ছেদের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।পরিবেশ অধিদপ্তর গত ২২ মার্চ আবাসিক এলাকার পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতিজনিত কারণে করাতকলটির সব কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করেছে। একই সঙ্গে এটি উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।চট্টগ্রামের পরিবেশ অধিপ্তরের পরিচালক জাফর আলম কলের মালিক আনোয়ার হোসেনকে সব কার্যক্রম বন্ধ এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন বিভাগকে কলটি উচ্ছেদের জন্য চিঠি প্রদান করেন। কিন্তু পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নির্দেশের প্রায় পাঁচ মাস পরও আনোয়ার হোসেন করাতকলের কাজ বন্ধ করেননি। করাতকলের জমির মালিক আবুল কালাম বলেছেন, পরিবেশ দূষণের বিষয়টি তাঁর জানা ছিল না। পরে বিষয়টি জেনে জমি ভাড়ার চুক্তির মেয়াদ গত জুন মাসে শেষ হওয়ার পর আনোয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াননি। এখন আনোয়ার অবৈধভাবে তাঁর জমি দখল করে রয়েছেন।করাতকলের মালিক আনোয়ার হোসেন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে দাবি করে বলেছেন, এলাকাবাসী নয়, মূলত জমির মালিক আবুল কালাম সমস্যা সৃষ্টি করছেন। বান্দরবান সদর উপজেলার ইউএনও ইয়াসমিন পারভিন তিবরিজী বলেছেন, করাতকলের বিষয়টি তদন্তাধীন রয়েছে। কলের মালিক আনোয়ার হোসেনকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ সব দলিল দাখিল করার জন্য বলা হয়েছে। কিন্তু তিনি এখনো পরিবেশগত ছাড়পত্র দেখাতে পারেননি। বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা তৌছিফুল বারী খান বলেছেন, আনোয়ার হোসেনকে করাতকলটি সরিয়ে নেওয়ার জন্য কয়েকবার বলা হয়েছে। কিন্তু তিনি সরিয়ে নিচ্ছেন না। এবার তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।