আদেশের পাঁচ মাস পরেও ভাঙা হয়নি ঢাকা মেডিকেলের অবৈধ মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) জরুরি বিভাগের পাশে নির্মিত অবৈধ ওষুধের মার্কেটটি আজও ভাঙা হয়নি। পাঁচ মাস আগে স্বাস্থ্য মন্ত্রণালয় অবৈধ ওই মার্কেট ভাঙার নির্দেশ দেয়। গত বছরের ২৫ নভেম্বর একটি গোয়েন্দা সংস্থাও মার্কেট ভাঙার সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়।গত বছরের ১ অক্টোবর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতারা ডিএমসিএইচের পুরোনো জরুরি বিভাগ ঘেঁষে অবৈধ মার্কেট নির্মাণকাজ শুরু করে, পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তা বন্ধ হয়। গতকাল সরেজমিনে দেখা যায়, ১০ ফুট উচ্চতায় মার্কেটের দেয়ালগুলো দাঁড়িয়ে আছে। অবৈধ মার্কেটের সামনের সীমানাপ্রাচীর ভাঙা অবস্থায় আছে। হাসপাতাল সূত্র জানায়, মার্কেটটি নির্মাণ করার সময় চতুর্থ শ্রেণীর নেতারা হাসপাতালের এই সীমানাপ্রাচীর ভেঙে ফেলে। বর্তমানে কর্মচারী সমিতির নেতারা অবৈধভাবে গড়ে ওঠা মার্কেটটি চালুর পাঁয়তারা করছেন।এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল খালেক প্রথম আলোকে বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তহবিল গঠনের উদ্দেশ্যে তত্কালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরের আগ্রহে মার্কেটটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ঢাকা মেডিকেল মেডিসিন মার্কেট বহুমুখী সমবায় সমিতির নেতারা নির্মাণাধীন মার্কেটের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে এখন নির্মাণকাজ বন্ধ রয়েছে। ব্যবসায়ী সমিতির নেতাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করলেও তা তাঁরা শোনেননি। তাঁরা আদালতের চূড়ান্ত্ত রায়ের অপেক্ষায় আছেন বলে দাবি করেন।চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সভাপতি এম এ হান্নান বলেন, আদালতের রায়ের ওপর ওষুধের মার্কেট নির্মাণকাজ সম্পন্ন হওয়া নির্ভর করছে। তিনি বলেন, মার্কেট নির্মাণের সময় তত্কালীন পরিচালক তাঁর গাড়িচালকের জন্য একটি দোকানঘর বরাদ্দ দেওয়ার জন্য সমিতির নেতাদের লিখিতভাবে নির্দেশ দেন। এতে প্রমাণিত হয়, মার্কেট নির্মাণে তাঁর সম্মতি ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় মার্কেট ভাঙতে পরিচালককে আদেশ দেওয়ার বিষয়ে তিনি অবগত বলে জানান।হাসপাতালের সাবেক পরিচালক বজলে কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।গত ২২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. জহিরুল ইসলামের সই করা চিঠি তত্কালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরের কাছে পাঠানো হয়। এতে অবৈধ মার্কেট নির্মাণকাজ বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। কার অনুমতি নিয়ে এবং এই দোকানঘর নির্মাণের সঙ্গে কে জড়িত, এ-সংক্রান্ত জরুরি প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়।এরপর মার্কেটের নির্মাণকাজ বন্ধ হলেও তা উচ্ছেদ করা হয়নি। পুলিশের একটি গোয়েন্দা সংস্থা ২৫ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়ে সংঘর্ষের আশঙ্কা জানিয়ে হাসপাতালের অবৈধ এই মার্কেট ভাঙার সুপারিশ করে।প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ জুলাই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নেতারা সাতটি দোকানঘর নির্মাণের অনুমতি চেয়ে তত্কালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরের কাছে আবেদন করেন। ওই দরখাস্তের ওপর বজলে কাদের তাঁর দপ্তরের গাড়িচালক মোহাম্মদ আলীর জন্য একটি দোকান বরাদ্দের সুপারিশ করে নির্মাণের অনুমতি দেন। অথচ এর আগে ১৪ জুলাই বজলে কাদের ঢাকা সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা বরাবর লেখা এক চিঠিতে হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ও রোগীদের সুচিকিত্সার স্বার্থে দোকানপাট তৈরি করা বা অন্য কাউকে বরাদ্দ দেওয়া সমীচীন হবে না বলে উল্লেখ করেন। এ ব্যাপারে সদ্য নিয়োগ পাওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক বলেন, আগের পরিচালকের সময় মার্কেট নির্মিত হলেও বর্তমানে তা বন্ধ আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কেটের সাতটি দোকানের প্রতিটি থেকে ১০ লাখ টাকা করে অগ্রিম এবং মাসিক ১০ হাজার টাকা নির্ধারণ করে ভাড়াটিয়ার সঙ্গে চুক্তি করা হয় বলে অভিযোগ রয়েছে।