একটি ফৌজদারি মামলা থেকে বিচারপতি রুহুল কুদ্দুসসহ নয়জনের অব্যাহতির বিরুদ্ধে করা আবেদন (রিভিশন) খারিজের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) গতকাল সোমবার খারিজ করেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ৷
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন৷ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷ অব্যাহতি পাওয়া চারজনের পক্ষে ছিলেন আইনজীবী এম আই ফারুকী, মুনসুরুল হক চৌধুরী, এম কামরুল হক সিদ্দিকী, এম কে রহমান ও এ এম আমিন উদ্দিন৷
আইনজীবী সূত্র জানায়, ১৯৮৮ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের কর্মী আসলাম হোসেন নিহত হন৷ এ ঘটনায় তাঁর রুমমেট নায়েব আলী তৎকালীন ছাত্রনেতা রুহুল কুদ্দুসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন৷ ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়৷ ২০১০ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলা থেকে রুহুল কুদ্দুসসহ নয়জনকে অব্যাহতি দেন রাজশাহীর একটি আদালত৷ এ আদেশের বিরুদ্ধে ওই বছরের ২ মে রিভিশন আবেদন করেন নিহত আসলামের বাবা জিন্নাত আলী৷ ওই বছরের ২২ আগস্ট তা খারিজ করেন আদালত৷ এর বিরুদ্ধে করা লিভ টু আপিল গতকাল খারিজ হয়৷