আধ ঘণ্টায় তেল শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদার তুলনায় কম সরবরাহ করায় মৌলভীবাজারের সদর উপজেলার অনেক মানুষ ন্যায্য দামে টিসিবির পণ্য কিনতে পারছেন না। টিসিবির পণ্যের সংকট এতটাই প্রকট যে গত বুধবার জেলা শহরের কোর্ট এলাকায় টিসিবির ট্রাকে বিক্রির জন্য আনা সয়াবিন তেল আধা ঘণ্টায় শেষ হয়ে গেছে।

গত বুধবার সেখানে এসে সয়াবিন তেল কিনতে পারেননি মৌলভীবাজার শহরের বাসিন্দা মো. মোস্তাকিন আহমদ। তিনি বলেন, ‘রমজানের প্রথম দিন থেকে ট্রাকের কাছে আসছি। তেল পাইছি না। অন্য জিনিস মিলে। তাও কোনো কোনোটা শর্ট।’

তবে তেল না পেয়ে ফিরে যাওয়া মোস্তাকিন আহমদই একমাত্র ক্রেতা নন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধঘণ্টা ট্রাকের কাছে অবস্থানকালে ২৫ থেকে ৩০ জন ক্রেতা এসে তেল চেয়ে পাননি।

এই ট্রাকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করছেন টিসিবির ডিলার মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক মো. মোস্তফা মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘৪০ পিস (বোতল) তেল দেয়। সকাল সাড়ে ১০টা-১১টায় গাড়ি আইলেই তখন ৬০ জন থাকে লাইনে। আধঘণ্টায় তেল শেষ। তেলের চাহিদা প্রচুর। প্রতিদিন চার-পাঁচ শ মানুষ তেল চায়। ২০০ লিটার তেল পাই। অন্তত ৮০০ লিটার তেল পাইলে অনেক মানুষরে দেওয়া যেত।’

মোস্তফা মিয়া আরও বলেন, ‘এইভাবে বিক্রি করে পোষায় না। মানুষ নানা কথাবার্তা বলে। তেলের চাহিদা বেশি থাকায় বিশৃঙ্খলা। তেল নিয়াই মানুষের যত কমপ্লেইন।’

সদর উপজেলার টিসিবির অপর ডিলার আবদুল খালেক বলেন, ‘যখন চাহিদা বেশি, তখন পণ্য দেওয়া হয় না। তেল তো থাবায় শেষ। তবে এটা বিক্রি করে লাভ নাই। ট্রাকের ভাড়াই আড়াই থেকে তিন হাজার টাকা। একজন শ্রমিকের রোজ ৪০০ টাকা।’

টিসিবি ও ডিলার সূত্রে জানা গেছে, একটি ট্রাকে প্রতিদিন ৬০০ কেজি ছোলা, ২৫০ কেজি মসুর ডাল, ৩০০ কেজি চিনি এবং ২০০ লিটার তেল (৫ লিটার করে ৪০টি বোতল) সরবরাহ করছে টিসিবি। প্রতি কেজি ছোলা ৭০, ডাল ৮০, চিনি ৫৫ এবং প্রতি লিটার তেল ৮৫ টাকায় বিক্রি হয়। টিসিবির হিসাবে একটি ট্রাক থেকে ২৭০ জন মানুষ পণ্য ক্রয় করতে পারেন। এক বোতল করে তেল ৪০ জন, চিনি পাঁচ কেজি করে ৬০ জন, ডাল পাঁচ কেজি করে ৫০ জন এবং ছোলা পাঁচ কেজি করে ১২০ জন কিনতে পারেন।

 মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই গ্রামের ফুল মিয়া বলেন, ‘তেল থাকলেও এতে গরিবের কোনো ফায়দা নাই। ৪২৫ টাকা জোগাড় করতে পারবেও না, তেল নিতেও পারবে না।’

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থিত টিসিবির সিলেট বিভাগীয় আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ দুটি ট্রাক ছাড়াও মৌলভীবাজার জেলায় টিসিবির ১৪ জন ডিলার আছেন। মৌলভীবাজার শহরে আছেন সাতজন। শহরের সাতজনের মধ্যে তিনটি প্রতিষ্ঠান পণ্য তুলেছে। এ ছাড়া জুড়ী উপজেলায় একজন, রাজনগরে দুজন, বড়লেখায় একজন এবং কমলগঞ্জে তিনজন ডিলার আছেন।

মৌলভীবাজার শহরের আফরোজ আহমদ প্রথম আলোকেবলেন, ‘পণ্যের মান ভালো মনে হলো, এ জন্য ছোলা ও ডাল কিনেছি। তা ছাড়া এটা বাজারের চেয়ে দামে কম। সাশ্রয়ী। তবে এই সুযোগ ঘুরেফিরে সচ্ছল লোকজনই পাচ্ছেন। গ্রামের সাধারণ ক্রেতারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে পাঁচ লিটারের তেলের একটি বোতল গরিব ক্রেতার পক্ষে কেনা সম্ভব না। তার হয়তো সামর্থ্য এক লিটার কেনার। ব্যাপক সাধারণ মানুষের উপকারে আসতে হলে পণ্যের পরিমাণ, এক ও দুই লিটারের তেলের বোতল এবং গ্রামে এসব পণ্য বিক্রি করতে হবে।’

এ বিষয়ে টিসিবির শেরপুর সিলেট বিভাগীয় আঞ্চলিক কার্যালয় প্রধান মো. ইসমাইল মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বাজারে পণ্যের চাহিদা অনেক। হয়তো খুব বেশি মানুষ পণ্য কিনতে পারবে না। কিন্তু বাজারে এর একটা প্রভাব থাকবে। পাইকারি বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়াতে পারবে না। বিক্রির বিষয়টি আমরা সার্বক্ষণিক তদারক করছি।’