আধঘণ্টার পথে লাগে তিন ঘণ্টা

পিচ ওঠা, ভাঙাচোরা সড়ক। কাদাপানিতে ভর্তি। সড়কজুড়ে ছোট-বড় গর্ত। খানাখন্দের কারণে গাড়ি হেলেদুলে চলে। কাদায় প্রায়ই দেবে যায় গাড়ির চাকা। আধা ঘণ্টার এ সড়ক পাড়ি দিতে এখন সময় লাগছে কমপক্ষে তিন ঘণ্টা।
কলমাকান্দা উপজেলা থেকে সদর উপজেলার ঠাকুরাকোনা পর্যন্ত ২১ কিলোমিটার সড়ক এখন বেহাল। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ সূত্র জানায়, সড়কটির প্রায় ১৮ কিলোমিটার অংশ খানাখন্দে ভরে গেছে। এর মধ্যে উড়াদিঘী, নিশ্চিন্তপুর, ধলপুর, তেঘরীয়া, হিরাকান্দা, গোমাই, আশারানী, পাবই, গোতুরা, পাঁচউড়া, বাহাদুরকান্দা এলাকাগুলোর অবস্থা বেশি খারাপ।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, অটোরিকশা, রিকশা, নছিমন, করিমন, বাস, বালুভর্তি ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন যানবাহনে ঠাসা পুরো সড়ক। যাত্রী নিয়ে হেলেদুলে চলছে বিভিন্ন যান। কোথাও কোথাও গর্তে আটকা পড়ছে।
স্থানীয় লোকজন বলেন, দুর্গাপুর উপজেলার মানুষ কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। কারণ, শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটিও দেড় বছর ধরে খারাপ। প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ যাতায়াত করে। এ ছাড়া প্রতিদিন শতাধিক পর্যটক কলমাকান্দা ও দুর্গাপুরে আসেন। কিন্তু সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটানা বৃষ্টি থাকলে সড়কটি দেখে মনে হবে চাষের জমি। আর রোদ হলে ধুলায় একাকার।
শহরের ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. রাইমিন মিয়া বলেন, সড়কটিতে যাত্রীর অভাব হয় না। ভোর থেকে গভীর রাত পর্যন্ত অনেক মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। প্রতিদিন শহর থেকে শতশত মানুষ কলমাকান্দা ও দুর্গাপুরে পাহাড় দেখতে যায়। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটিও ভালো না থাকায় এ সড়কে যানবাহনের চাপ বেশি থাকে।
এ ছাড়া সড়কটির প্রস্থ ১২ ফুট হওয়ায় একসঙ্গে দুটি বাস ও ট্রাক অতিক্রম করতে পারে না। শুক্রবার বাহাদুরকান্দা এলাকায় গিয়ে দেখা যায়, কাদাপানিতে সয়লাব হয়ে আছে সড়ক। এর মধ্যে একটি বাস কাদায় আটকে গেছে। বাসটিকে পাশ কাটাতে গিয়ে আরেকটি পিকআপও আটকে গেছে। বাসের যাত্রীরা সবাই নেমে হাঁটা শুরু করেছে।
বাসচালক মো. আমিরুল হক বলেন, ১০ মাস আগে এ সড়ক দিয়ে তিনি প্রতিদিন ছয়বার যাত্রী নিয়ে আসা-যাওয়া করতে পারতেন। প্রতিবার মাত্র আধা ঘণ্টা সময় লাগত। এখন এ পথ পাড়ি দিতে তিন ঘণ্টা চলে যায়। যাত্রী নিয়ে আতঙ্কের মধ্যে বাস চালাতে হয়। গর্তে আটকা পড়ে বাস বিকল হয়ে যায়। চাকা ফেঁসে যায়।
স্থানীয় লোকজন বলেন, এ সড়ক এত গুরুত্বপূর্ণ হওয়ার পরও সওজ সড়কটি ঠিক করছে না। সওজ কর্তৃপক্ষ মাঝেমধ্যে গর্তে কিছু ইট, খোয়া, বালি ফেলে যায়। কিন্তু এক-দুইদিন পর সেই অবস্থায় ফিরে আসে।
সওজ নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, সড়কটি যেখানে ভাঙা, সেখানে ইট-খোয়া ফেলা হচ্ছে। এ ছাড়া জমি অধিগ্রহণ থেকে শুরু করে সড়কটি সংস্কার ও প্রশস্ত করার জন্য ২৬২ কোটি টাকার একটি প্রস্তাব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফকরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কটি এখন এলাকার মানুষের দুঃখে পরিণত হয়েছে। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে তিন ঘণ্টার বেশি সময় লাগে। সড়ক সংস্কারের বিষয়টি বিভিন্ন সভা-সেমিনারে উপস্থাপন করা হচ্ছে। কয়েক দফা সওজ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাংসদ ছবি বিশ্বাস বলেন, সড়কটি দ্রুত মেরামতের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে।