
বেলা তিনটা পর্যন্ত অফিস করে বাসায় যান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান। সাড়ে তিনটায় তাঁকে বরখাস্ত করার চিঠি পৌঁছায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। এর আধঘণ্টার মধ্যে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন আসাদুর রহমান (কিরণ)। তিনি আওয়ামী লীগদলীয় ওয়ার্ড কাউন্সিলর এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।
গত বৃহস্পতিবার মেয়র মান্নানকে তৃতীয় দফায় বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। দায়িত্ব ফিরে পাওয়ার ১৯ দিনের মাথায় তাঁকে তৃতীয়বারের মতো বরখাস্ত করা হলো। প্রতিবারই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান আসাদুর রহমান।
এত দ্রুত দায়িত্ব গ্রহণের বিষয়ে জানতে চাইলে আসাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলাম। স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া আদেশ প্রত্যাহার করেনি। ফলে মেয়রকে বরখাস্তের পর এমনিতে বহাল আছে। তাই সাড়ে তিনটায় মেয়রকে বরখাস্ত করার আদেশ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আসার পর চারটার দিকে দায়িত্ব নিই।’
২০১৩ সালে পাঁচ সিটি নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিএনপি-সমর্থক প্রার্থীরা। এর মধ্যে বরিশালের মেয়র ছাড়া বাকি চার মেয়রকে মামলার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। খুলনা সিটি মেয়র আদালতের রায়ে পুনর্বহাল হন গত বছর। রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় দুই বছর পর উচ্চ আদালতের নির্দেশে গত ২ এপ্রিল দায়িত্ব ফিরে পান। মেয়রের চেয়ারে বসতে না-বসতেই ওই দিনই তাঁদের আবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কয়েক দিন পর আদালতের আদেশে তাঁরা আবার দায়িত্ব ফিরে পান।
গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টায় সিটি করপোরেশনের সভাকক্ষে কাউন্সিলরদের বৈঠক ডেকেছিলেন মেয়র এম এ মান্নান। ওই দিন ছিল তাঁর মেয়র নির্বাচিত হওয়ার চার বছর পূর্তি। কিন্তু ৭৬ জন কাউন্সিলরের মধ্যে আওয়ামী লীগ সমর্থক ৫৪ জন বৈঠকে আসেননি। তাঁরা আগে থেকেই জানতেন, মেয়রকে ওই দিনই বরখাস্ত করা হচ্ছে। বিএনপি-সমর্থক ২২ জন কাউন্সিলর মেয়রের বৈঠকে আসেন। কোরাম পূরণ না হওয়ায় প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর বৈঠক মুলতবি করে চলে যান মেয়র মান্নান।
সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শওকত আলম প্রথম আলোকে বলেন, মান্নান সাহেব নির্বাহী আদেশ ছাড়াই দায়িত্ব পালন শুরু করেন। এ ছাড়া তিনি কয়েকজন কাউন্সিলর ও অফিস কর্মচারী নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। এ কারণে সভা বয়কট করা হয়।
একটি মামলাকে অজুহাত করে বিএনপি-সমর্থিত মেয়র এম এ মান্নানকে তৃতীয় দফায় বরখাস্তের ঘটনার পেছনে ক্ষমতাসীনদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। এর আগেও দুবার তাঁকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। উচ্চ আদালতের রায়ে তিনি চেয়ারে বসেন। সর্বশেষ গত ১৮ জুন দায়িত্ব নেন মেয়র মান্নান।
মেয়র এম এ মান্নান প্রথম আলোকে বলেন, ‘বারবার বরখাস্তের ঘটনায় আমি মর্মাহত, ব্যথিত। এ বিষয়ে এখন কথা বলতেও আমার ঘৃণা হয়। দেশে যদি নির্বাচিত সরকার থাকত, তাহলে এই অবস্থা হতো না। আমি বিএনপি করি, প্রতিপক্ষের চেয়ে সোয়া লাখ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছি, এটাই তাদের গায়ের জ্বালা।’
স্থানীয় নাগরিকেরা মনে করছেন, গাজীপুরে বারবার মেয়র মান্নানকে বরখাস্ত করা এবং আদালতের মাধ্যমে তাঁর দায়িত্ব গ্রহণ নিয়ে যেন একধরনের প্রতিযোগিতা চলছে। বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের এই রাজনৈতিক রেষারেষিতে আদালতের আদেশের কার্যকারিতা নিয়েই জনমনে প্রশ্নের সৃষ্টি করছে।
সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার বাসিন্দা ও স্কুলশিক্ষক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জনগণের ভোটের মূল্যায়ন করা উচিত। তা না হলে ভবিষ্যতে কেউ ভোট দিতে যাবে না। ভোটে যে-ই নির্বাচিত হোক না কেন, তাঁকে মেনে নেওয়ার মানসিকতা আমাদের থাকা উচিত।’
সর্বশেষ মেয়র মান্নানকে বরখাস্ত করা হয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করার পর। স্থানীয় সরকার বিভাগের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্ব পালনের সময় মেয়র মান্নান সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের আয় নিয়মবহির্ভূতভাবে হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার কাছে জমা রাখেন। পরে তাঁরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন। গত ১৮ জানুয়ারি অভিযোগপত্রটি আদালতে গৃহীত হয়।
এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর শাখার সভাপতি মুকুল কুমার মল্লিক প্রথম আলোকে বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তাঁর দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। তবে তিনি যদি আদালতে অভিযুক্ত হন, সে ক্ষেত্রে একটা ব্যাপার আছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র মান্নানের দায়িত্ব গ্রহণ এবং বারবার তাঁকে বরখাস্তের ঘটনা এখন গাজীপুরে আলোচিত বিষয়। কারণ, মেয়র হয়ে তিনি যত দিন চেয়ারে বসেছেন, তার চেয়ে বেশি কাটিয়েছেন কারাগারে। ২০১৩ সালের ৬ জুলাই মেয়র নির্বাচিত হন মান্নান। কিন্তু নির্বাচিত হওয়ার চার বছরে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন সবে ১৮ মাস ১৯ দিন। জেলে কাটিয়েছেন ২২ মাস। এই সময়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে ২৯টি। বরখাস্ত হয়েছেন তিনবার। ২৯টি মামলা এবং বারবার বরখাস্তের ঘটনাকে ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন অনেকে।
গাজীপুর জজকোর্টের আইনজীবী মো. আসাদুল্লাহ বলেন, এটা হচ্ছে জনগণের সঙ্গে মশকরা। জনগণ তাঁকে নির্বাচিত করেছেন। কায়দা করে তাঁকে দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখার জন্য নানা রকম ফন্দি করছে। এটা মোটেও গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না।
দেখা গেছে, মেয়র এম এ মান্নান যতবার বরখাস্ত হয়েছেন, ততবার ভারপ্রাপ্ত মেয়র হয়েছেন আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান। অনেকের সন্দেহ, মেয়র মান্নানকে বরখাস্তের পেছনে তাঁর হাত আছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এম এ মান্নান গত ১৮ জুন দায়িত্ব নেওয়ার পর যে ১৯ দিন দায়িত্ব পালন করেন, এই কয় দিন সিটি করপোরেশনে যাননি ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান। ২৮ মাস পর সিটি করপোরেশনে গেলেও মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেননি, এমনকি ৬ জুলাই মেয়রের ডাকা বৈঠকেও যাননি তিনি।
জানতে চাইলে আসাদুর রহমান বলেন, ‘উনি ডাকেননি, তাই যাইনি। এ ছাড়া ওনার সিটি করপোরেশনে আসাটাও (দায়িত্ব গ্রহণ) সুন্দর হয়নি। তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে আসেন, এতে কাজের পরিবেশ ছিল না।’
বারবার মেয়র বরখাস্তের ঘটনায় সিটি করপোরেশনের বাসিন্দারা বিরক্ত। তাঁরা মনে বলছেন, গত চার বছরে সিটিতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বারবার মেয়র বরখাস্তের কারণে সিটি করপোরেশনের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। ভারপ্রাপ্ত মেয়র সিটির উন্নয়নের বড় ধরনের বরাদ্দও আনতে পারেননি।
জানতে চাইলে রাস্তাঘাটের খারাপ অবস্থার উল্লেখ করে কাশিমপুর নয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, নির্বাচিত মেয়রকে দূরে রেখে এলাকার উন্নয়ন সম্ভব নয়।
কথা বলে জানা গেছে, মেয়র এম এ মান্নান আজ রোববার উচ্চ আদালতে তাঁর বরখাস্ত আদেশের বিরুদ্ধে রিট আবেদন করবেন। এ ব্যাপারে তিনি তাঁর আইনজীবী মাহবুবউদ্দিনের সঙ্গে কথা বলেছেন।
জানতে চাইলে মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সর্বোচ্চ আদালত বারবার মেয়র মান্নানের বরখাস্ত আদেশ বাতিল করেছেন। একই কারণে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে বরখাস্ত করা আদালত অবমাননার শামিল। আমরা চিন্তা করছি রিট আবেদনের পাশাপাশি বরখাস্ত আদেশের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা করার।’