আধঘণ্টায় ফাইল নিষ্পত্তির নির্দেশ!

শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের সকল কর্মকর্তাকে আধঘণ্টার মধ্যে ফাইল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভায় তিনি এই নির্দেশ দেন।
২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) উন্নয়ন প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা নিয়ে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন শিল্প সচিব মো. আবদুল হালিম।
সভায় দেশের বিভিন্ন জেলায় অবস্থিত বিসিক শিল্পনগরীর খালি প্লটে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রয়োজনীয় কর্মসূচি নিতে বিসিককে নির্দেশনা দেওয়া হয়। ঈদুল আজহার পরবর্তী ২-৩ মাস সাভার চামড়া শিল্পনগরের সিইটিপিকে যাতে এর ধারণ ক্ষমতার অতিরিক্ত তরল বর্জ্য পরিশোধন না করতে হয়, সে জন্য আগাম পরিকল্পনার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া, যেসব প্রকল্পের অগ্রগতি ৮০ শতাংশের কম সেগুলোর প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং যে সকল প্রকল্পের অগ্রগতি ৯৮ শতাংশের বেশি তাদের মধ্যে থেকে বিশেষ শর্তানুযায়ী ৩-৫ জন প্রকল্প পরিচালককে দ্রুত লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, সৎ মনোভাব ও পরিষ্কার মন নিয়ে কাজ করলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব। তিনি বলেন, প্রকল্প পরিচালকদের অবশ্যই সার্বক্ষণিক প্রকল্প এলাকায় অবস্থান করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।