আধা কিলোমিটারে ১৫ রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা মাত্র আধা কিলোমিটার। বছর দুয়েক আগে ছিল একটি আইসক্রিম পারলার। এখন সেখানে প্রায় ১৫টি খাবার দোকান। মিরপুর ৬ নম্বর সেকশনের অ্যাভিনিউ-৫ অল্প সময়েই খাবারপাড়া হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে।
দেওয়ান নূর নওরীন, সানজিদা সামিহা ও সুরাইয়া মিম স্কুল শেষে খেতে এসেছে কফি টাইম নামের রেস্তোরাঁয়। জমিয়ে আড্ডা দিচ্ছিল। তিনজনই মিরপুরের একটি স্কুলে পড়ে। নওরীন বলল, ‘প্রায়ই আসি। স্কুলের কাছে। অনেক সময় ধরে আড্ডা দেওয়া যায়।’
কফি টাইমে বিকেল হতে না-হতেই ভিড় বাড়তে শুরু করেছে। পুরো রেস্তোরাঁর সাজসজ্জাই কাঠের। দেয়ালে অনুপ্রেরণামূলক নানা উক্তি। পাঁচ বন্ধু মিলে এ রেস্তোরাঁ শুরু করেন। তাঁদের একজন মাহতাব বলেন, ‘যখন শুরু করেছি, মানুষ বলেছিল, মিরপুরে কফিশপ চলবে না। এখন এক বছরের মধ্যেই দোকান বড় করতে হয়েছে।’ মিরপুর ২ নম্বর এবং উত্তরায়ও কফি টাইমের শাখা আছে। শুরুটা কফি দিয়ে হলেও অন্যান্য খাবার পাওয়া যায়। তন্দুরি চিকেনের চাহিদা বেশি। এর প্যাকেজ পড়বে ১৪৫ টাকা। নানা স্বাদের কফি পাওয়া যাবে ৪৫ থেকে শুরু করে ১২০ টাকায়। ৪০ জনের বসার ব্যবস্থা আছে।
শুরুতে এই সড়কে ছিল কাশফুল নামের একটি আইসক্রিম পারলার। এর উদ্যোক্তা জসিম উদ্দিন। শুরু করেন দুই বছর আগে। বিভিন্ন স্বাদের আইসক্রিম ৮০ থেকে ২০০ টাকায় পাওয়া যাবে।
কফি টাইমের কাছেই ক্যাফে দ্য কোল্ড। গতকাল বৃহস্পতিবার রেস্তোরাঁটিতে ঢুকতেই দেখা গেল বেশ ভিড়। কেউ খাচ্ছেন, কেউ সেলফি তোলায় ব্যস্ত, আবার কেউ বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন। মিনার আহমেদ বন্ধুকে নিয়ে খেতে এসেছেন। তিনি বলেন, তুলনামূলক কম দামের মধ্যে এখানকার খাওয়াটা ভালো। আর গল্প করার জন্য পরিবেশটাও চমৎকার। চালু হয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে। কফি, জুস আর হালকা খাবারও পাওয়া যাবে এখানে। দাম ৫০ থেকে শুরু করে ৪১০ টাকা। ক্যাফে ৩৬০ রেস্তোরাঁটি এ বছরের এপ্রিলে শুরু হয়। এখানেও বেশ ভিড়। চায়নিজ খাবারের চাহিদা বেশি। ব্যবস্থাপক মো. রুবেল বলেন, ‘আমাদের ৯৯ টাকার সেট মেন্যুটা বেশি চলে। ছাত্ররাই বেশি আসে।’ নানা ধরনের খাবার খাওয়া যাবে ৬০ থেকে ২৫০ টাকার মধ্যে।
জানুয়ারিতে চালু হয় ফর্করোড নামের আরেকটি রেস্তোরাঁ। এটিও শুরু হয় কয়েকজন বন্ধু মিলে। এর একজন আবদুর রশিদ বলেন, ‘আমাদের খাবার কাঁটা চামচ দিয়ে খেতে হবে। সে থেকেই এই নাম। বিভিন্ন ধরনের সেট মেন্যু বেশি চলে।’ মিরপুরের এই রাস্তা ছোট, তবে এর মধ্যেই গড়ে উঠেছে বেশ কিছু রেস্তোরাঁ। টু গো, নিউ মাস্টার শেফ, ১০ এর আড্ডা, দস্তরখানা, পাপাস ফুডেরিয়া, স্কাই ভিউ, ক্যাফে স্টেট, আমেরিকান ক্যাপ্টেন, সুপ্রিম ডাইনার্স, ঘাসফড়িংসহ বিভিন্ন রেস্তোরাঁয় বিকেল থেকেই ভোজনরসিক ও আড্ডাপ্রিয়দের ভিড় বাড়তে থাকে।
মিরপুর ৬ নম্বর সেকশনের অ্যাভিনিউ-৫-এ ক্রিকেট অনুশীলন শেষে তরুণ সাকিব হাসান ও আহমেদ ইমতিয়াজ বন্ধুদের সঙ্গে রাস্তার পাশে আড্ডা দিচ্ছিলেন। দুজনেরই বাসা এখানে। এক বছরের মধ্যে এত রেস্তোরাঁ গড়ে ওঠা নিয়ে সাকিব বলেন, ‘এই জায়গাটাতে ভিড় কম। বিকেল হলে রাস্তার পাশে বসেই মানুষ আড্ডা দিত। রেস্টুরেন্টের মালিকেরা সেই সুযোগটাই নিয়েছেন।’