আধা কিলোমিটারেই সবকিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। শিশুরা, বড়রা নিজেদের জন্য বাছাই করছে পছন্দের পোশাক। পুরান ঢাকার ওয়ারীর র‌্যাঙ্কিন স্ট্রিটে একটি বিক্রয়কেন্দ্র থেকে গতকাল ছবিটি তোলা l প্রথম আলো
শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। শিশুরা, বড়রা নিজেদের জন্য বাছাই করছে পছন্দের পোশাক। পুরান ঢাকার ওয়ারীর র‌্যাঙ্কিন স্ট্রিটে একটি বিক্রয়কেন্দ্র থেকে গতকাল ছবিটি তোলা l প্রথম আলো

দুই শিশুসন্তানকে নিয়ে ফরচুন টাওয়ারের নিচতলায় নবরূপার বিক্রয়কেন্দ্র থেকে বের হলেন এক তরুণ দম্পতি। ছোট্ট মেয়েটির হাতে কেবল একটি শপিং ব্যাগ। বংশাল থেকে আসা এই ভদ্রলোক বললেন, ‘মেয়ের জন্য একটি পার্টি ফ্রক কিনেছি। এখনো অনেক বাকি।’ এ কথা বলে রাস্তা ধরে এগোলেন তিনি।
জায়গাটা ওয়ারীর র্যা ঙ্কিন স্ট্রিট। এই সড়কের এমাথা-ওমাথা পর্যন্ত হেঁটে যেতে সাত-আট মিনিট লাগবে। এই আধা কিলোমিটার পথের দুপাশে দেশীয় প্রায় সব বুটিক হাউসের বড় বড় বিক্রয় ও প্রদর্শনীকেন্দ্র।
গল্পটা মোটে দুই দশকের। শুরুটা হয়েছিল নিপুণ ও আড়ংয়ের হাত ধরে। এরপর একে একে আবর্তন, নবরূপা, কে-ক্রাফট, অঞ্জন’স, রঙ, লা রিভ, ইয়োলো, ইউনিক্লোসহ এ দেশের সুপরিচিত ব্র্যান্ডগুলোর বিক্রয়কেন্দ্র খোলা হয় এখানে। এ ছাড়া আছে চৈতী, এক্সট্যাসি, প্রাইড, শ্রাবণমেলা, রূপসী বাংলা, বৈশাখী মেলার মতো দেশীয় বুটিক হাউস। আছে সুপারশপ স্বপ্ন ও বিগ বাজার। শুধু কি কেনাকাটা? খাবারদাবারের জন্য আছে পিৎজা হাট—কেএফসি। রূপচর্চার জন্য পারসোনা। সব মিলিয়ে সারা দিনই মানুষের পদভারে গমগম করে ওয়ারী।
এখানকার ব্যবসায়ীরা বললেন, দেশীয় ব্র্যান্ড আসার আগেই কিছু তাঁতের শাড়ির দোকান ছিল এখানে।
ঢাকার ওপর প্রকাশিত বিভিন্ন বইয়ের তথ্যমতে, ইংরেজ শাসনামলে ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা ছিল এই ওয়ারী। জনপদগুলো ছিল ছিমছাম, নিরিবিলি। ওয়ারীর সেই আভিজাত্য কমে গেছে। এখানকার একতলা, দোতলা বাড়িগুলো ভেঙে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বহুতল ফ্ল্যাটবাড়ি। আর এখন জায়গাটি পরিচিতি পাচ্ছে পুরান ঢাকাবাসীর ঈদ কেনাকাটার নতুন কেন্দ্র হিসেবে।
ওয়ারীতে নবরূপার দুটি শাখা। একটি শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম গত মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বললেন, কেবল পুরান ঢাকা নয়, নতুন ঢাকা থেকেও কেনাকাটা করতে মানুষ আজকাল ওয়ারীতে আসছেন। কারণ, ভিড়টা তুলনামলক কম। কাপড়চোপড় দেখে ট্রায়াল দিয়ে কেনা যায়। তাঁর মতে, ওয়ারীর ক্রেতাদের একটি বড় অংশ আসে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ ও বিক্রমপুর থেকে।
ঈদের কারণে এখানকার বিক্রয়কেন্দ্রগুলো সকাল ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা। ক্রেতা থাকলে ১২টাও বাজে। জানা গেল, এভাবে চলবে চাঁদরাত পর্যন্ত।
র্যা ঙ্কিন স্ট্রিটে থাকলেও জায়গা পাল্টেছে আড়ং। আড়ংয়ে অবশ্য কেনাকাটার চাপ সব সময়ই থাকে। আর ঈদের এ সময় তো কথাই নেই। এখানকার তত্ত্বাবধায়ক মনোয়ার শিকদার বললেন, ‘ঈদের সব ধরনের কেনাকাটা এক ওয়ারীতে সম্ভব। এখানে দোকান অনেক। সব ধরনের ক্রেতার বাজেট মেলাতে সুবিধা। তাই স্বস্তি আছে।’
ওয়ারীতে লা রিভ এসেছে বছর চারেক। তরুণ ব্যবস্থাপক আলাউদ্দিন রাহাত বললেন, লা রিভের পাঞ্জাবির চাহিদা সব সময় অন্য রকম। এবার কারচুপি ও এমব্রয়ডারি কাজের শর্ট ও সেমি লং পাঞ্জাবি বেশি চলছে। আর মেয়েদের পোশাকের মধ্যে লম্বা ঝুলের থ্রি-পিস, ফতুয়া, লম্বা ঝুলের কামিজ, ডেনিম প্যান্ট, প্লাজো, লেগিংসের চাহিদা বেশি। বাচ্চাদের শার্ট, টি-শার্টও যাচ্ছে বেশ।
এখানকার একটি পুরোনো ব্র্যান্ড আবর্তন। সেখানকার এক কর্মী বললেন, ‘২০ রোজার পরে বাজার জমবে।’