আধা কিলোমিটারে নয়টি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের বাঁ দিকে সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের বহুতল ভবন। কিছুটা দূরে একই সারিতে প্রাইম এশিয়ার টেক্সটাইল বিভাগের ভবন। সড়ক ধরে পূর্ব দিকে দু-চার মিনিট হাঁটার পর দেখা গেল, দুই পাশে বহুতল ভবন নিয়ে গড়ে উঠেছে এ ধরনের অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের দক্ষিণে ১৭ নম্বর সড়কে ঢুকতেই এমন চিত্র চোখে পড়ে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বনানীতে রয়েছে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে নয়টিই কামাল আতাতুর্ক এভিনিউ এলাকায়। এগুলো গড়ে উঠেছে মাত্র আধা কিলোমিটার এলাকাজুড়ে। কয়েকটির রয়েছে বহুতল ভবন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি ভবন ছাড়া বাকি সবগুলো ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয় কার্যক্রম চলছে। অল্প জায়গাজুড়ে এতগুলো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন। গত শনিবার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর থেকে সেখানকার মানুষ আতঙ্কে আছেন। অপরদিকে অতিরিক্ত বিশ্ববিদ্যালয়ের কারণে ভারসাম্যহীনতার কথা স্বীকার করেছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত নয়টি বিশ্ববিদ্যালয় হলো: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), প্রাইম এশিয়া, সাউথ ইস্ট, নর্দান, সাউথ এশিয়া, অতীশ দীপঙ্কর, রয়েল, সিটি ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এদের মধ্যে একই এলাকায় কয়েক গজ দূরত্বে এআইইউবির ছয়টি, সাউথইস্টের পাঁচটি ও প্রাইম এশিয়ার তিনটি বহুতল ভবন রয়েছে।১৭ নম্বর সড়ক ঘুরে দেখা গেছে, প্রাইম এশিয়ার তিনটি ভবনের মধ্যে দুটি সড়কের দুই পাশে মুখোমুখি। পাশেই সড়কের দুই পাশে এক সারিতে নর্দান, এআইইউবি, প্রেসিডেন্সি, সিটি ইউনিভার্সিটি। ১০ নম্বর সড়কে রয়েছে রয়েল ইউনিভার্সিটি। এভিনিউয়ের সড়কের উত্তরে ৪ নম্বর সড়কের দুই পাশে অতীশ দীপঙ্কর ও সাউথইস্ট ইউনিভার্সিটি। ১৪ নম্বর সড়কে এআইইউবি ও সাউথ এশিয়া। এ ছাড়া উত্তরে সাউথইস্ট ও এআইইউবির একাধিক ভবন প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। একটি ভবনের তিনতলা থেকে শুরু হয়েছে সিটি ইউনিভার্সিটির কার্যক্রম। নিচের দোতলায় বাণিজ্যিক প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ জানায়, ওপরের দুটি তলা ছাড়া ১০ তলা পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়।কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু প্রাইম এশিয়ার একটি ভবন ছাড়া বাকি সবগুলো ভবন ভাড়া করা। সাউথইস্টের প্রক্টর সৈয়দ ফখরুল হাসান প্রথম আলোকে বলেন, তাঁদের যে পাঁচটি ভবন রয়েছে তার সবগুলোই ভাড়া করা। নিজস্ব ভবন তেজগাঁওয়ে।এআইইউবির ছাত্র পরামর্শবিষয়ক পরিচালক মঞ্জুর হোসেন খান বলেন, তাঁদের ছয়টি ভবনের মধ্যে পাঁচটি এভিনিউ সড়কের উত্তরে। সব কটিই ভাড়া নিয়ে চলছে।অল্প জায়গাজুড়ে এতগুলো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করে একটি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, এতে সংঘর্ষের ঝুঁকিটা বাড়ছে। কারণ, এখানে তরুণ-তরুণীরাই লেখাপড়া করছে। এদের মধ্যে তুচ্ছ কারণে সংঘর্ষ লেগে যাওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কোনো পুলিশ পাহারা না থাকায় বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকাটি।নর্দান বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার আশরাফুল ইসলাম বলেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয় গড়ে উঠলেও একটার সঙ্গে আরেকটার তেমন কোনো যোগাযোগ নেই।