আধা কিলোমিটারের জন্য এত দুর্ভোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর-গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংযোগ সড়কের মাত্র আধা কিলোমিটার পাকা না করায় সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। প্রতিদিন কাদাপানি মাড়িয়ে ওই আধা কিলোমিটার পার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পণ্যবাহী বিভিন্ন যানবাহনকে বিকল্প পথে অতিরিক্ত ১৪ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুরে বারানই নদীর ওপর নির্মিত সেতুর সঙ্গে উভয় পাশের (শ্রীপুর-গণিপুর) সংযোগ সড়কের আধা কিলোমিটার দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে। আট বছর আগে সেতুটি নির্মাণ করা হলেও উভয় পাশের সংযোগ সড়কটি পাকা করা হয়নি। লোকমান আলীসহ স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, এই পথ দিয়ে চলতে গিয়ে স্কুলের শিক্ষার্থীসহ পথচারীরা প্রায়ই পিছলে পড়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছে। রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহনগুলোকে মোহনগঞ্জ ও তাহেরপুর হয়ে অতিরিক্ত ১৪ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে করে সময় ও অর্থের অপচয় হচ্ছে।এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাগমারা উপজেলা প্রকৌশলী হোসেন আলী মীর বলেন, সড়কটি পাকাকরণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে ঢাকার প্রধান প্রকৌশলীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সড়কটি পাকা করা হবে।