আধা ঘণ্টা আগে কেন্দ্রে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রোববার সচিবালয়ে দুই পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ অনুরোধ জানান।

তিনি বলেন, সব পরীক্ষার্থী আধা ঘণ্টা আগে প্রবেশ করলে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই খাতা দেওয়া হবে, যাতে আনুষঙ্গিক কাজ করে রাখতে পারে পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা নির্ধারিত সময়েই শুরু হবে। মন্ত্রী বলেন, এবার এটা অনুরোধ হলেও ভবিষ্যতে এটা বাধ্যতামূলক করা হবে।

১ নভেম্বর শুরু হয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। আর পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে।

শিক্ষামন্ত্রী জানান, এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্রসংখ্যা ১১ লাখ ২৪ হাজার ৩৭৩ এবং ছাত্রী সংখ্যা ১২ লাখ ৮৮ হাজার ৪০২ জন। অর্থাৎ এবার ছাত্রীর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৯ জন বেশি।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে তাঁর একটি বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিক্রিয়ারও জবাব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষকেরা মাথার মণি। তাঁদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাঁদের প্রতিক্রিয়া নিয়ে কিছু বলব না। তবে যে পয়েন্ট নিয়ে কথা উঠেছে, তা উদাহরণের একটি খণ্ডিত বক্তব্য মাত্র।’ একজন শিক্ষকের একটি সেমিনারে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করেছিলেন বলে জানান তিনি। গণমাধ্যমে যেটা এসেছে, সেটা ওই উদাহরণের খণ্ডিত অংশ মাত্র। এ জন্য কেউ যেন ভুল না বোঝেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা পাস-ফেলের কোনো প্রশ্ন নয়। এটা বাছাই পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসনের জন্য হয়তো ৪০ জন আবেদন করেন। সেখানে ৩৯ জনকেই বাদ দিতে হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান।