আধা ঘণ্টা আগে কেন্দ্রে যেতে আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সব পরীক্ষার্থী আধা ঘণ্টা আগে প্রবেশ করলে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই খাতা দেওয়া হবে, যাতে আনুষঙ্গিক কাজ করে রাখতে পারে পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা নির্ধারিত সময়েই শুরু হবে। তিনি বলেন, এবার এটা অনুরোধ হলেও ভবিষ্যতে এটা বাধ্যতামূলক করা হতে পারে।
১ নভেম্বর শুরু হয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে।
শিক্ষামন্ত্রী বলেন, এবার এই দুই পরীক্ষায় পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ১১ লাখ ২৪ হাজার ৩৭৩ এবং ছাত্রী ১২ লাখ ৮৮ হাজার ৪০২ জন। অর্থাৎ এবার ছাত্রী পরীক্ষার্থী ১ লাখ ৬৪ হাজার ২৯ জন বেশি। সারা দেশে ২ হাজার ৭৩৪টি কেন্দ্রে এই দুই পরীক্ষা হবে। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষার্থী ৬৮১ জন।
ভর্তি পরীক্ষা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা: সংবাদ সম্মেলনে কয়েকটি গণমাধ্যমে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে তাঁর একটি বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিক্রিয়ারও জবাবে মন্ত্রী বলেন, ‘শিক্ষকেরা মাথার মণি। তাঁদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাঁদের প্রতিক্রিয়া নিয়ে কিছু বলব না। তবে যে পয়েন্ট নিয়ে কথা উঠেছে, তা উদাহরণের একটি খণ্ডিত বক্তব্য মাত্র।’ তিনি বলেন, একজন শিক্ষকের একটি সেমিনারে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করেছিলেন তিনি। গণমাধ্যমে যেটা এসেছে, সেটাও ওই উদাহরণের খণ্ডিত অংশ মাত্র। এ জন্য কেউ যেন ভুল না বোঝেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ভর্তি পরীক্ষা পাস-ফেলের কোনো প্রশ্ন নয়। এটা বাছাই পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসনের জন্য হয়তো ৪০ জন আবেদন করেন। সেখানে ৩৯ জনকেই বাদ দিতে হয়।