>

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরাকোনা থেকে কলমাকান্দা উপজেলা পর্যন্ত ২১ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা। দুই-তৃতীয়াংশ জায়গায় পিচ উঠে গেছে। একটু পরপর ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কটি সরু হওয়ায় একসঙ্গে দুটি বাস বা ট্রাক অতিক্রম করতে পারে না। ভাঙাচোরা সড়কে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরাকোনা থেকে কলমাকান্দা পর্যন্ত ২১ কিলোমিটার সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এর মধ্যে কাট্টোয়াচোরা বাজার এলাকা, উড়াদীঘি, হিরাকান্দা, পাবই, পাঁচউড়া, বাহাদুরকান্দাসহ বেশ কয়েকটি এলাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সওজ কর্তৃপক্ষ মাঝেমধ্যে ওই সব গর্তে কিছু খোয়া-বালু ফেলে। কিন্তু দু-তিন দিন পরই সড়ক আবার আগের অবস্থায় ফিরে যায়। সড়কটির প্রস্থ ১২ ফুট হওয়ায় একসঙ্গে দুটি বাস বা ট্রাক অতিক্রম করতে পারে না। একটিকে থেমে থেকে অন্য বাস বা ট্রাককে পার হওয়ার জায়গা দিতে হয়।
এদিকে জেলার গুরুত্বপূর্ণ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি অন্তত আট মাস ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্গাপুর উপজেলার লোকজন ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। প্রতিদিন এই সড়ক দিয়ে দুর্গাপুর ও কলমাকান্দার প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। স্কুল-কলেজে যাওয়া-আসা করে কয়েক শ শিক্ষার্থী। এ ছাড়া প্রতিদিন শতাধিক পর্যটক কলমাকান্দা ও দুর্গাপুরের আসেন। কিন্তু সড়কটি দীর্ঘদিন থেকে মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি ধুলাবালুতে একাকার হয়ে আছে।
১৪ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, দশধার বাজার পার হতেই শুরু হয় বিধ্বস্ত সড়ক। ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, নছিমন, করিমন, বালুভর্তি ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন যানবাহনে ঠাসা পুরো সড়ক। যাত্রী নিয়ে হেলেদুলে চলছে বিভিন্ন যান। কোথাও কোথাও গর্তে পড়ে আটকে আছে যানবাহন।
গুতুরা বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, প্রায় আড়াই বছর আগে সড়কটি মেরামত করা হয়েছিল। কিন্তু দ্রুত এটি বেহাল হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস বলেন, ‘কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কটি এখন এলাকার মানুষের দুঃখে পরিণত হয়েছে। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা। আমরা বিষয়টি কয়েক দফা সওজ কর্তৃপক্ষকে জানিয়েছি।’
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, ‘সড়কটির যে স্থানে ভাঙার খবর পাচ্ছি সেখানেই খোয়া-বালু ফেলে মেরামত করা হচ্ছে। আমরা ইতিমধ্যে সড়কটি সংস্কার ও প্রশস্ত করার জন্য একটি প্রস্তাব তৈরি করছি। তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।’