আধা ঘণ্টার বৃষ্টিতেই শান্তিনগরে অশান্তি
বৃষ্টি হয়েছে প্রায় আধা ঘণ্টা। তার জের চার ঘণ্টা। জলজট আর যানজট। রাজধানীর শান্তিনগর এলাকায় গতকাল সোমবার বেলা প্রায় আড়াইটা থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
গতকাল বেলা সোয়া দুইটার দিকে রাজধানীতে বৃষ্টি নামে অঝোরধারায়। প্রায় পৌনে তিনটা পর্যন্ত টানা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, এ সময়ে বৃষ্টির পরিমাণ ছিল ১৫ মিলিমিটার।
বৃষ্টি শেষ না হতেই প্রথমে শান্তিনগর মোড়ে, তারপর একটু একটু করে একদিকে চামেলীবাগ হয়ে ইস্টার্ন প্লাস বিপণিবিতান, বিপরীত দিকে শান্তিনগর বাজার, বেইলি রোডের মোড় এবং টুইন টাওয়ারের সামনের রাস্তায় জমে যায় পানি।
শান্তিনগর এলাকার প্রতিদিনের চেনা যানজটের সঙ্গে যুক্ত হয় অসহনীয় অবস্থা। বিকেল চারটার দিকে দেখা যায়, পুরো এলাকায় যানবাহন কখনো স্থবির, কখনো শম্বুকগতিতে চলছে। এ অবস্থার মধ্যে ছুটি হয় এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে। জলজট, যানজটের জন্য রিকশাচালকেরা ওই পথ ধরে যেতে চাচ্ছেন না। কেউ কেউ রাজি হলেও ভাড়া হাঁকছেন অস্বাভাবিক।
আটকে পড়া যানবাহনের পাশ দিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাথিকে নিয়ে তার মা মরিয়ম বেগম হাঁটছিলেন সাবধানে। হাঁটুপানি, তাই কোলে নিয়েছেন মেয়েকে। কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে পানির মধ্যেই তিনি নামিয়ে দেন মেয়েকে। দেখা যায়, ওই সময়ে পপুলারের সিঁড়িতে এ রকম অনেকেই আশ্রয় নিয়েছেন। রাস্তার পানি কমার অপেক্ষায়।
শান্তিনগর মোড়ে ময়লা পানি ঢুকে বন্ধ হয়ে যায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা। নিরাপদ স্থানে টেনে নেওয়ার চেষ্টা করছিলেন চালকেরা। কিন্তু যানজট আর জলজট তাঁদের বারবার থামিয়ে দিচ্ছিল। একপর্যায়ে রাস্তা একটু ফাঁকা হলে দ্রুত চলার চেষ্টা করে কয়েকটি জিপ ও প্রাইভেট কার। এর ফল হয় খুব খারাপ। রাস্তার পাশের দোকানঘরে ছিটকে যায় ময়লা পানি। পথচারীদের পোশাক নষ্ট হয়ে যায়।
ফলের দোকানি আবদুস সবুর বলেন, এখানে উড়ালসেতুর কাজ শুরুর পর নানা ধরনের উটকো দুর্ভোগ পোহাচ্ছেন। ভারী বৃষ্টি আর জলাবদ্ধতা হলে অবস্থা হয় খুব খারাপ।
পথচারী নুরুন্নবী ক্ষোভের সঙ্গে বলেন, ‘এটা এখন আমাদের জন্য নিয়তি।’
রাজধানীর জলাবদ্ধতা কমিয়ে আনার দায়িত্ব যে প্রতিষ্ঠানের ওপর, সেই ঢাকা ওয়াসার উপপ্রধান ব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী অবশ্য স্বীকার করেন, বৃষ্টি হলেই শান্তিনগরে পানি জমে। প্রথম আলোকে তিনি বলেন, শান্তিনগর মোড় নিচু এলাকা। এর ওপর গৃহস্থালি ও অন্যান্য বর্জ্য জমে সেগুনবাগিচা বক্স কালভার্ট সংকুচিত হয়ে পড়ায় শান্তিনগর ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা হয়। তবে কিছুক্ষণ পরই পানি নেমে যায়।
তবে গতকাল সন্ধ্যা প্রায় ছয়টায়ও শান্তিনগর মোড় এলাকায় পানি ছিল।