আধা ঘণ্টার ব্যবধানে সাতটি সাইকেল ছিনতাই
রংপুরের মিঠাপুকুর উপজেলার সড়কে বাঁশ ফেলে দুটি মোটরসাইকেল ও পাঁচটি বাইসাইকেল ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, উপজেলার বালুয়া-মাসিমপুর সড়কের হামিদপুর এলাকায় রাত সাড়ে ১০টার দিকে বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। মোটরসাইকেল দুটি বাসদের রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোমিনুল ইসলাম ও সাদেকুল ইসলামের। এ ছাড়া ওই রাতে একই সড়কের বিভিন্ন স্থান থেকে আরোহীদের নামিয়ে দিয়ে পাঁচটি বাইসাইকেল ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।
ছিনতাইয়ের শিকার বাসদ নেতা মোমিনুল ইসলাম বলেন, ‘দলীয় কর্মসূচি পালন করে রংপুরে ফেরার পথে বালুয়া-মাসিমপুর সড়কের হামিদপুর এলাকায় পৌঁছলে সড়কের মধ্যে আড়াআড়িভাবে একটি বাঁশ পড়ে থাকতে দেখে আমরা মোটরসাইকেল থেকে চারজন নেমে যাই। এ সময় কয়েকজন দুর্বৃত্ত আমাদের ছোরার ভয় দেখিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা আমাদের চারজনের চারটি মুঠোফোন ও কিছু টাকা নিয়ে যায়। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ করেছি।’
বালুয়া-মাসিমপুর এলাকার রশিদুল ইসলাম বলেন, ‘এই পথ দিয়া প্রতিদিন যাওয়া-আসা করি। অনেক রাইতোতও চলাচল করছি। কিন্তু কিছু হয় নাই। গেলো রাইতোত (শুক্রবার) ১১টার সময় খালি মোর নোয়ায় (নয়) মোর সাথোত থাকা আরও পাঁচজনের সাইকেল ছিনতাই করছে ছোরার ভয় দেখেয়া।’
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের কথা শুনেছি। কিন্তু সাইকেল ছিনতাইয়ের কথা জানি না। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তবে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’