আধা ঘণ্টার সড়কে তিন ঘণ্টা

দুই-তিন ফুট পরপর খানাখন্দ। অধিকাংশ স্থানই ভাঙাচোরা। এর মধ্যেই ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে যানবাহন। সরু হওয়ায় একসঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি বাস বা ট্রাক অতিক্রম করতে পারে না। এসব সমস্যার কারণে এ সড়ক দিয়ে প্রতিদিন ২৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এ শোচনীয় অবস্থা নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের। ২১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পাড়ি দিতে আধা ঘণ্টা সময় লাগার কথা থাকলেও লেগে যাচ্ছে তিন থেকে চার ঘণ্টা। ভেঙে গিয়ে উঁচু-নিচু হয়ে থাকায় সড়কটি অতিক্রম করতে বেশি সময় লাগছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নেত্রকোনা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি কলমাকান্দা উপজেলা থেকে সদর উপজেলার ঠাকুরাকোনা পর্যন্ত চলে গেছে। পিচ উঠে গিয়ে সড়কের দেওলি, বাউসী, বাইশধার, দশধার, উড়াদীঘি, নিশ্চিন্তপুর, ধলপুর, তেঘরীয়া, হিরাকান্দা, গোমাই, আশারানী, পাবই, গোতুরা, পাঁচউড়া, বাহাদুরকান্দাসহ বেশ কয়েকটি এলাকায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের প্রস্থ ১২ ফুট। এতে বিপরীত দিক থেকে আসা দুটি বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন সহজে পরস্পরকে অতিক্রম করতে পারে না। এতে সময় বেশি লাগে এবং ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি দুই বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে আছে। এ কারণে দুর্গাপুর উপজেলার লোকজন কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। প্রতিদিন এই সড়ক দিয়ে দুর্গাপুর ও কলমাকান্দার প্রায় ২৫ হাজার মানুষ যাতায়াত করে। বিদ্যালয় ও কলেজে যাওয়া-আসা করে কয়েক শ শিক্ষার্থী। এ ছাড়া প্রতিদিন শতাধিক পর্যটক এই সড়ক দিয়ে কলমাকান্দা ও দুর্গাপুরে আসেন। কিন্তু সড়কটি মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে সড়কটি চষা জমিতে পরিণত হয়। রোদে ধুলাবালুতে একাকার হয়ে থাকে পুরো সড়ক।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের ঠাকুরাকোনা পার হতেই ভাঙাচোরা শুরু হয়েছে। এর মধ্য দিয়েই ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, নছিমন, করিমন, বাস, বালুভর্তি ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও গর্তে আটকে আছে গাড়ি।
বেলা একটার দিকে সড়কের হিরাকান্দা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ে আটকা পড়েন চালক আফতাব আলী। তিনি বলেন, ‘প্রায় আড়াই বছর ধরে সড়কটি ভাঙা। আগে এ সড়ক দিয়ে তিনি প্রতিদিন কলমাকান্দি থেকে সদর উপজেলা পর্যন্ত ছয়বার যাত্রী নিয়ে আসা-যাওয়া করতে পারতেন। ওই সময় এই অংশ অতিক্রম করতে মাত্র আধা ঘণ্টা সময় লাগত। এখন এ পথ পাড়ি দিতে থেকে তিন থেকে চার ঘণ্টা চলে যায়। যাত্রী নিয়ে আতঙ্কের মধ্যে বাস চালাতে হয়। গর্তে আটকা পড়ে বাস বিকল হয়ে পড়ে। চাকা ফেটে যায়।’
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘প্রায় সাড়ে তিন বছর আগে সড়কটি মেরামত করা হয়েছিল। কিন্তু এক বছরের মধ্যেই এটি বেহাল হয়ে পড়েছে। এ নিয়ে সওজ কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। আমরা বাসসহ যান চলাচল ঠিক রাখতে নিজ খরচে বড় গর্তে ইট-বালু ফেলি।’
সওজ নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, ‘গত জুনে ৪৫ লাখ টাকার বেশি খরচ করে ভাঙা অংশে ইট বিছানো হয়েছিল। এবার ৩৭ লাখ টাকার কার্যাদেশ হয়েছে। এক-দুই সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। এ ছাড়া জমি অধিগ্রহণ থেকে শুরু করে সড়কটি সংস্কার ও প্রশস্ত করার জন্য ৩৪০ কোটি টাকা ব্যয় ধরে একটি প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাংসদ ছবি বিশ্বাস বলেন, ‘বিষয়টি নিয়ে জাতীয় সংসদে কথা বলেছি। এ ছাড়া বিষয়টি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই এ দুর্ভোগ কেটে যাবে।’