আধা ভাঙা খুঁটি ছয় পরিবারের আতঙ্ক
নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একটি বৈদ্যুতিক খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে ওই খুঁটির পাশে থাকা ছয়টি পরিবার। পরিবারগুলোর আশঙ্কা, যেকোনো সময় আধা ভাঙা খুঁটিটি ভেঙে পড়ে দুর্ঘটনা, এমনকি প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।পরিবারগুলোর সদস্যরা প্রতিকার চেয়ে একাধিকবার নওগাঁ আবাসিক প্রকৌশলীর দপ্তরে অভিযোগ করলেও ওই বিভাগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে সাবু হোসেন, সূর্য হোসেন, জহুরুল ইসলাম, আবদুল আজিজ ও আবদুল জলিল জানান, খুঁটিটি রড-সিমেন্ট দিয়ে তৈরি। দুই বছর আগে থেকে নিচের অংশ থেকে সিমেন্ট খুলে পড়ায় রড বেরিয়ে খুঁটিটি হেলে পড়েছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ে আশপাশের পরিবারের বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাঁরা অভিযোগ করেন, এ বিষয়ে নওগাঁ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের প্রকৌশলীকে (আবাসিক) জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি। নিরুপায় হয়ে অবশেষে এলাকাবাসী নওগাঁ জেলা প্রশাসকের কাছে গত ৭ জানুয়ারি একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে নওগাঁর জেলা প্রশাসক এনামুল হক বলেন, গত ১৪ জানুয়ারি নওগাঁ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের প্রকৌশলীর কাছে ত্রুটিপূর্ণ খুঁটিটি জরুরিভিত্তিতে পরিবর্তনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।নওগাঁ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের প্রকৌশলী (আবাসিক) ফেরদৌস আলম জানান, ঠিকাদার নিয়োগ করা হয়েছে। খুঁটিটি পরিবর্তনের জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হচ্ছে।