আধিপত্য নিয়ে দ্বন্দ্ব কুলিয়ারচর-অষ্টগ্রাম লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বে গত শনিবার থেকে কিশোরগঞ্জের কুলিয়ারচর-অষ্টগ্রাম নদীপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে অষ্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় এবং বাজিতপুরের হুমায়ুনপুর ইউনিয়নের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
লঞ্চে কর্মরত কয়েকজন জানান, রাজধানী ঢাকা ও জেলা শহর কিশোরগঞ্জসহ দেশের অন্যান্য স্থানের সঙ্গে যাতায়াত করতে অষ্টগ্রামবাসীকে লঞ্চে করে প্রথমে কুলিয়ারচর আসতে হয়। এরপর তাঁরা বাস বা ট্রেনযোগে বিভিন্ন গন্তেব্যে যান। কুলিয়ারচর-অষ্টগ্রাম নদীপথে সারা দিনে পাঁচটি লঞ্চ আসা-যাওয়া করে। এর মধ্যে কুলিয়ারচরের মস্তু মিয়া নামের এক ব্যক্তি একাই পরিচালনা করেন চারটি লঞ্চ। অষ্টগ্রামের রোকন উদ্দিন নামের আরেক ব্যক্তি পরিচালনা করেন একটি লঞ্চ। একই পথে রোকন উদ্দিনের কয়েকটি ট্রলারও চলাচল করে।
নদীপথে লঞ্চ ও ট্রলার চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে মস্তু মিয়া ও রোকন উদ্দিনের মধ্যে কয়েক বছর ধরে মতবিরোধ ও দ্বন্দ্ব চলছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে মস্তু মিয়ার একটি লঞ্চ কুলিয়ারচর ঘাট থেকে অষ্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় একটি ট্রলার থেকে চারজন যাত্রী লঞ্চে উঠতে চান। ট্রলার ছেড়ে যাত্রীদের লঞ্চে উঠতে বাধা দেন ট্রলারের মাঝি। এর মধ্যে লঞ্চশ্রমিকেরা ওই চার যাত্রীকে লঞ্চে ওঠান। ট্রলারটি রোকন উদ্দিনের মালিকানাধীন। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে তর্ক ও পরে হাতাহাতি হয়। এ অবস্থায় ঘাটে থাকা রোকন উদ্দিনের একটি লঞ্চ ও ট্রলারটি যাত্রীশূন্য অবস্থায় অষ্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। তার আগে সকাল সোয়া সাতটার দিকে একই টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া মস্তু মিয়ার আরেকটি লঞ্চ সকাল ১০টা ১০ মিনিটে অষ্টগ্রামের সাবিয়ানগর ঘাটে ভেড়ে। এ সময় রোকন উদ্দিনের লোকজন লাঠিসোঁটা নিয়ে লঞ্চটিতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে লঞ্চের ব্যাপক ক্ষতি হয় এবং ১০ জন যাত্রী আহত হন। এর পর থেকে এই পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।