আধিপত্য নিয়ে বিরোধে খুন হলেন চেয়ারম্যান রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ছয় মাসের মধ্যে আরও একজন জনপ্রতিনিধি খুন হয়েছেন। গত রোববার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল রাজ্জাক সরকার খুন হন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতিও। পুলিশের ভাষ্য, এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নরসিংদীতে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছে। তারা নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে এসব হত্যাকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ ও নিহত চেয়ারম্যান আবদুল রাজ্জাকের পরিবার সূত্র জানায়, সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামের আবদুল রাজ্জাক শহরের উত্তর সাটিরপাড়া এলাকায় থাকতেন। তিনি টানা ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান।নিহত চেয়ারম্যানের বড় ছেলে বাবুল মিয়া গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মামলার প্রস্তুতি চলছে। মামলা হলেই সবকিছু জানা যাবে। আপাতত কিছু বলা যাচ্ছে না। আবদুল রাজ্জাকের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লা সরকার বলেন, রাজ্জাক টানা ছয়বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর এই জনপ্রিয়তা অনেকের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রাজ্জাকের মরদেহ ময়নাতদন্ত শেষে শহরের উত্তর সাটিরপাড়া এলাকার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বেলা ১১টায় রাঙামাটি ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।সদর আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘কয়েক মাস আগে সন্ত্রাসীরা নৃশংসভাবে খুন করে জনপ্রিয় মেয়র লোকমান হোসেনকে। এখন খুন হলেন জনপ্রিয় চেয়ারম্যান আবদুল রাজ্জাক। এতে বোঝা যায়, নরসিংদীতে হত্যার রাজনীতি শুরু হয়েছে। আমরা এর প্রতিকার চাই। সুষ্ঠু বিচার চাই।’ জানতে চাইলে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মূলত এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ এরই মধ্যে খুনিদের চিহ্নিত করেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।এর আগে গত ১ নভেম্বর রাত আটটার দিকে শহরের পশ্চিম কান্দাপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খুন হন নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন।