আধিপত্য নিয়ে সংঘর্ষে তিন পুলিশসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের টেম্পো স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে নিকলী থানার এসআই আখতার হোসেন, কনস্টেবল আ. মান্নান ও তাজুল ইসলাম, ওসমান (৩৫), কাওসার (২৫), মরম আলী (৩৫) ও শামসুদ্দিনকে (২৮) নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আলফাজ মিয়াকে (২৫) বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আলামিন নামের একজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিকলী-ভৈরব সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি মো. খোকন মিয়া সংগঠনের দুই লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে অটোরিকশার চালকদের সঙ্গে তাঁর বিরোধ বাধে।গত সপ্তাহে সংগঠনের সভায় খোকনকে বাদ দিয়ে মো. খুর্শেদ মিয়াকে সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি করা হয়। এতে ক্ষিপ্ত হন খোকন। বৃহস্পতিবার সকালে খোকনের সঙ্গে একজন চালকের হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকালে খোকন তাঁর লোকজন নিয়ে বালিকা বিদ্যালয় মোড় এলাকার স্ট্যান্ডে গিয়ে খায়রুল ইসলাম নামের একজন চালককে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।নিকলী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ. রহমান জানান, খোকনকে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশার মালিকদের এক হাজার টাকা করে চাঁদা দিতে হয়। তিনি সমিতির টাকা আত্মসাৎ করেছেন। তাই তাঁকে সংগঠনের সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। এর পরই তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালান।নিকলী থানার ওসি ফজলুর রহমান জানান, সংঘর্ষ থামাতে আট রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মো. আলামিন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।