আধিপত্য বিস্তার নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন বাজার এলাকায় গতকাল বুধবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বাজারের বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান এবং এলাকার বাড়িঘর ভাঙচুর করা হয়। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গোকুল ইউনিয়ন বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশে সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক এবং অপর অংশে গোকুল ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল মোমিন নেতৃত্ব দিচ্ছেন। সদর উপজেলার সাবেক সভাপতি ওমর ফারুক খান রেজাউল পক্ষকে এবং বর্তমান সভাপতি মাফতুন আহমেদ খান আবদুল মোমেন পক্ষকে সমর্থন দিচ্ছেন।
দলের স্থানীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে রেজাউল পক্ষ গোকুলবাজার এলাকায় মিছিল-সমাবেশের প্রস্তুতি নিলে প্রতিপক্ষ আবদুল মোমিনের লোকজন হামলা চালান। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রেজাউল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি এ বি এম মিলনসহ ১০ জন আহত হন। এর মধ্যে যুবদল নেতা মিলনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ রেজাউল হকের বাড়িঘর ও কার্যালয়সহ বাজারের বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করে।
রেজাউল হক বলেন, ‘আমরা যাতে মিছিল করতে না পারি সে জন্যই মাফতুন আহমেদ ও আবদুল মোমিনের নেতৃত্বে হামলাটি হয়েছে। হামলাকারীরা আমার বাড়িঘর ও অফিস ভাঙচুর করেছে। তাদের হামলায় আমি ও যুবদল নেতা মিলনসহ আমার পক্ষের ১০ জন আহত হয়। আমরা মামলা করব।’
এ ব্যাপারে উপজেলা নেতা মাফতুন আহমেদ জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করেন। তবে মিছিল করা নিয়ে সংঘর্ষটি হয়েছে বলে শুনেছেন। পাশাপাশি তিনি এ সংঘর্ষে কোনোভাবে জড়িত নন বলেও দাবি করেন। ঘটনার মীমাংসা হয়ে গেছে বলেও জানান তিনি। বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের সময় গোকুলবাজার এলাকার বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।