আধিপত্য বিস্তার নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার ও দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যাপারি ও মাতবর গ্রুপের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ সময় বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষের কারণে শিবচর-কাঠালবাড়ী সড়কে সব ধরনের যানবাহন চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে মাতবর গ্রুপের প্রধান শিবচর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিক মাতবর কুতুবপুর বাজারে রাস্তার জমিতে জোর করে একটি দোকানঘর নির্মাণ করতে যান। এ সময় ব্যাপারি গ্রুপের প্রধান কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মনোয়ার ব্যাপারি রাস্তার জমিতে দোকানঘর তৈরি করতে নিষেধ করেন। এতে দুই গ্রুপের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাতবর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যান ও তাঁর সমর্থিত ব্যাপারি গ্রুপের লোকজনের ওপরে হামলা চালান। এ সময় দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। দুই ঘণ্টার সংঘর্ষে শতাধিক আহত ব্যক্তির মধ্যে অধিকাংশই ব্যাপারি গ্রুপের। তাঁদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে মাতবর গ্রুপের তিনজন আহত হন। এ ছাড়া কুতুবপুর ইউপি চেয়ারম্যান-সমর্থিত আলিম মোড়ল, মো. মোরহাব মোড়ল, আব্দুর রাজ্জাক মোড়ল ও মো. হালিম মোড়লের বাড়িসহ ১০টি বাড়িতে হামলা চালানো হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার লোকজন জানান, দীর্ঘ দিন ধরে কুতুবপুরে আওয়ামী লীগের ব্যাপারি ও মাতবর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। ক্ষতিগ্রস্ত আলিম মোড়ল বলেন, ‘আমাদের মোড়ল বাড়ির ১০টি ঘরে আতিক মাদবরের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে।’ চেয়ারম্যান মনোয়ার ব্যাপারি বলেন, ‘আতিক মাতবর কুতুবপুর বাজারে রাস্তার জমিতে জোর করে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে আমার লোকজন বাধা দেয়। এতে সংঘর্ষ বাধে।’ আতিক মাতবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক পিপিএম বলেন, কুতুবপুরের পরিস্থিতি বর্তমানে শান্ত। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।