আধিপত্য বিস্তার নিয়ে খুন হন নাটোরের ইউপি চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারের জের ধরে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্থানীয় নেতা ফজলার রহমান ফুনু খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চলনবিলের সরকারি জলাশয় ও এলাকার জমির জবরদখলকে কেন্দ্র করে উপজেলায় গত ১৩ বছরে আরও একজন ইউপি সদস্যসহ ১০ জন খুন হন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলার রহমানকে গত শনিবার দুপুরে ওই ইউনিয়নের পারশাঐল গ্রামে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর মোটরসাইকেলচালকও আহত হন।
এদিকে ফজলার রহমানকে হত্যার অভিযোগে পুলিশ গতকাল রোববার ভোরে তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন বিলদহর গ্রামের গোলাম রব্বানি (২৮), দড়ি মহিশমারি গ্রামের মোমিন উদ্দিন (৩২) ও শ্যামল উদ্দিন (২২)। গতকাল বিকেল পর্যন্ত তাঁদের সিংড়া থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তবে এ ব্যাপারে তখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
সিংড়া থানা, এলাকাবাসী ও অন্যান্য সূত্রে জানা গেছে, জলাশয় ও জমির দখলকে ঘিরে কলম ইউনিয়ন ও এর পাশের চামারি ইউনিয়নের কয়েকটি গ্রামে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত। এক পক্ষের নেতৃত্বে ছিলেন ফজলার রহমান। অপর পক্ষে নেতৃত্ব দিতেন সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ওরফে ফটিক। একসময় দুজনেই বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। বিএনপি করার সময় ফজলার রহমান ইব্রাহিম খলিলের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ছিলেন। তবে স্বার্থের সংঘাত দেখা দেওয়ায় ফজলার গত ইউপি নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন। তাঁর ছত্রচ্ছায়াতেই একই এলাকার আবদুল করিম এলাকায় বিশেষ বাহিনী গড়ে তোলেন। তবে অন্তর্দ্বন্দ্বে তিনিও গত দেড় বছর ধরে পক্ষ ত্যাগ করে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে সখ্য গড়েন।
সূত্র আরও জানায়, ছোট কালিকাপুর গ্রামের সহোদর মোহামঞ্চদ আলী মোল্লা ও আসলাম মোল্লা হত্যা মামলার আসামি হয়ে আবদুল করিম দীর্ঘদিন হাজত খাটেন। এ-সংক্রান্ত হত্যা মামলায় আসামি হওয়ার পেছনে তিনি ফজলার রহমানকেই দায়ী করতেন। সেই আক্রোশ থেকে ফজলার রহমানকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ মনে করছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, এই দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ছাড়াও গত ১৩ বছরে আরও ১০ জন খুন হন। তাঁরা হলেন খোদাবক্স, হেলাল উদ্দিন মেম্বার, মোজাম্মেল হক মোল্লা, আতাউর রহমান, আক্কাছ আলী, আবু বক্কর, আছিয়া বেগম, রিয়াজ উদ্দিন, আসলাম মোল্লা ও মোহম্মদ আলী মোল্লা।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলের পাশ থেকে ঘাতকদের ব্যবহূত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক গোলাম রব্বানি ওই মোটরসাইকেলের মালিক বলে জানা গেছে। আটজন চারটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসে ফজলার রহমানকে কুপিয়ে হত্যা করে।
এদিকে গতকাল জেলা প্রশাসকের সমেঞ্চলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেন।