আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণে ১০ জন আহত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক এবং অপর যুগ্ম আহ্বায়ক আফজল খানের অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি জসিম খান কলেজের প্রধান ফটকে এবং সাবেক সভাপতি আজিম খান কলা ভবনের প্রধান ফটকে কর্মীদের নিয়ে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে জসিম খানের নেতৃত্বে ছাত্রলীগের বর্তমান কমিটির নেতারা ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তাঁদের মিছিল শুরু হওয়ার পর আজিম খান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের ছোট ছেলে আরমান খানের নেতৃত্বে আরেকটি মিছিল শুরু হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির আওয়াজও পাওয়া যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জসিম খান প্রথম আলোকে বলেন, ‘আরমান খান, আজিম খান ও কাজী এনামুল হকের নেতৃত্বে কলেজে ত্রাস সৃষ্টি করা হয়। তারা অনার্সে ভর্তি-বাণিজ্য করতে এসে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে। একাধিক মামলার ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আজিম খান কয়েক দিন আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসে ঝামেলা করছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে তাদের বিরুদ্ধে বিচার দেব। আমরাই কলেজের বৈধ কমিটি। কে বা কারা গুলি করেছে তা আমরা জানি না।’আজিম খান বলেন, ‘জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হকের অনুসারীরা কলেজে গুলি করে ত্রাস সৃষ্টি করেছে। তারা অছাত্র। ক্যাম্পাসে তারা আট রাউন্ড ফাঁকা গুলি করে। কলেজের বৈধ কমিটির আমিই সভাপতি। জেলখানা থেকে ফিরে আসার পর জসিম খান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব ছাড়েননি। আর ওই পদ দেখিয়ে ওরা ভর্তি-বাণিজ্য করছে।’জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘জসিম খানই কলেজের সভাপতি। যারা ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের নিয়ে মহড়া দেয়, তারা কেউ কলেজের ছাত্র নয়। তারা বিভিন্ন জন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি।’কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মতিন বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষ আধিপত্য বিস্তারের জন্য ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। তবে আমাদের ভর্তির কার্যক্রম যথানিয়মে চলছে।’সেখানে কর্তব্যরত কোতোয়ালি মডেল থানার দুই উপপরিদর্শক (এসআই) আনোয়ার উল্লাহ এবং আবু জাফর বলেন, ‘হুইপ মুজিব এবং আওয়ামী লীগের নেতা আফজল খানের অনুসারীরা ক্যাম্পাসে সকাল থেকেই মহড়া দিয়ে আসছে। মূলত আধিপত্য বিস্তারের জন্য তারা এ কাজ করেছে।’কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জন্য সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি।’এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দুই যুগ্ম আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উভয় নেতার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, ওনারা ঢাকায় আওয়ামী লীগের বর্ধিত সভায় রয়েছেন।