আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশে সংঘর্ষে আহত শতাধিক, ভাঙচুর
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাহিরবাগ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের মধ্যে কয়েক দফা সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। এ সময় শরীফ বংশের ২০টি পরিবারের ১০০-এর বেশি ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এ ঘটনা ঘটে। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। আহত ব্যক্তিরা হলেন: জিব্রাইল মিয়া, বিকু মিয়া, লিটন শরীফ, লাড্ডু শরীফ, ইকরাম শরীফ, শওকত শরীফ, পিনু মিয়া, হাবিবুর মিয়া, সোনিয়া, শামীম মিয়া, শিপন শরীফ, মিল্টন শরীফ, অহিদ শরীফ, মিঠু মিয়া, উলু মিয়া, বদরুল, টুকু মিয়া, আমিন শরীফ, সুমন মিয়া, তুহিন, মিজানুর, শাহজাহান, মুজিবুর শরীফ, রাজীব, নাসির খান, এলামুল, জহর শরীফ, বাটু মিয়া, আরজু মিয়া, ও মনিরুল। আহত ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ সদর হাসপাতালে ৩২ জন ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনকে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে খুলনা ও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি তুহিন, মিজানুর, শাহজাহান, মুজিবুর শরীফ জানান, রোববার টুন্নু মিয়া ও লিটন শরীফের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে কথা-কাটাকাটি হয়। ওই রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল সোমবার ভোর থেকে দুই বংশের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। লিটন শরীফ জানান, ফজরের নামাজের পর অতর্কিতে সাধুহাটি, নিজামকান্দি ও ফলসি গ্রামের লোকজনও মিয়াদের সঙ্গে যোগ দেয়। তারা শরীফদের কমপক্ষে ২০টি বাড়ির শতাধিক ঘর ভাঙচুর ও লুটপাট করে। মিঠু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শরীফরা আমাদের থেকে সব দিকেই দুর্বল। কিন্তু কিছু দিন হলো তারা আমাদের ওপর প্রভাব বিস্তার করে আসছে। বাড়িঘরের যা ক্ষতি হয়েছে ওদের, আমাদের নয়।’ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে শর্টগানের দুটি ফাঁকা গুলিবর্ষণ করে। সংঘর্ষস্থল থেকে পাঁচজনকে ও পরে দুজনকে আটক করা হয়েছে। ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।