জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নূর মোহাম্মদ (৬৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আমজাদ হোসেন মণ্ডল ও আবদুল মজিদ সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে আমজাদ ও তার দলবল মজিদের সমর্থক দিনমজুর নূর মোহাম্মদের বাড়িতে যায়। তারা নূর মোহাম্মদকে বাড়ির আঙিনায় ডেকে এলোপাতাড়ি প্রহারের পর ফলা দিয়ে আঘাত করে। তাঁকে উদ্ধারে এগিয়ে এলে কছিম উদ্দিন, সাহারা খাতুন ও মুনছের আলীকেও বেধড়ক পেটায় আমজাদের দলবল। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমজাদের পক্ষের আবদুল আজিজ, জহির উদ্দিন, মোবারক আলী, সুলতানা পারভীন ও নাজমা বেগমকে আটক করে। এ ব্যাপারে নিহত নূর মোহাম্মদের ছেলে জয়নাল আবেদীন বাদী হয়ে আমজাদ ও আটক পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।এ ব্যাপারে আবদুল মজিদ সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমজাদ হোসেন মণ্ডলের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। কিন্তু আমজাদ ও তাঁর লোকজন গতকাল দিনমজুর নূর মোহাম্মদকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’ রঘুনাথপুর গ্রামে আমজাদের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার বাবা হাতেম আলী মণ্ডল বলেন, ‘হত্যাকাণ্ডের ব্যাপারে আমি কিছু জানি না।’ ময়নাতদন্তের জন্য নূর মোহাম্মদের লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান প্রথম আলোকে বলেন, দিনমজুর নূর মোহাম্মদকে প্রতিপক্ষ বুকে ফলা মেরে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।