আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ নিহত ১, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার বাবরাহাচলা ইউনিয়নের পাটকেলবাড়িয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মোশারেফ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে হাসিবুর রহমান (২২), গফ্ফার গাজী (৪২) ও ছত্তার গাজীকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হারুন শেখ (২৪), নওয়াব মোল্লা (২৮), কাদের মোল্লা (৩২), মোস্তাইন মোল্লা (৩০), ওহাব মোল্লাসহ অন্যদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ২০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রামের এক পক্ষে ইলিয়াছ মোল্লা ও মিজান মোল্লা এবং অপর পক্ষে শাহাজান শেখ ও হেমায়েত শেখ নেতৃত্ব দেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। নিহত মোশারেফ হোসেন শাহাজান শেখের পক্ষের লোক। তিনি ঢাকার মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেলে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শী শিউলি বেগম বলেন, ‘গতকাল সকাল সাতটার দিকে ৪০-৫০ জন লোক লাঠিসোঁটা, রামদা, সড়কি, গাছিদা নিয়ে ইলিয়াছ মোল্লার বাড়ির পাশে প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুরসহ লুটপাট করতি থায়ে। এ সময় গিরামের লোকজন বাধা দিতি গিলি তাগেও কুপাতি থায়ে।’নিহত মোশারেফ হোসেনের মা মনোয়ারা বেগম (৬০) বলেন, ‘ইলিয়াছ মোল্লারা ৫০-৬০ জন লোক আমার ছলডারে কুপায়ে মারে ফেলিছে। আমার ছলতো এহেনে থায়ে না। ঢাহায় চাকরি করে। সে তো কোনো দোষ করেনি, অন্যায় করেনি। আমার ছলডারে কেন খুন করল? আমি এর বিচার চাই।’ এই বলে হাউমাউ করে বুক চাপড়ে কাঁদতে থাকেন। সরেজমিনে দেখা গেছে, ইলিয়াছ মোল্লার ঘরের পাশেই মোশারেফ হোসেনের বাড়ি। হত্যাকাণ্ডের পর ইলিয়াছের সমর্থকেরা এলাকাছাড়া। ইলিয়াছ মোল্লার উঠানে অসংখ্য ইটের খোয়া ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাঁর ঘরের কোণেই রক্তের দাগ রয়েছে। রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। গ্রামের ওহাব মোল্লা, হারুন মোল্লা, জরিপ গাজী, শিহাব মোল্লা, লেকবার শেখ, বেলায়েত শেখের বাড়িসহ প্রায় ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।মোশারেফ হোসেনের স্ত্রী নাসরিন বেগম (৩০) জানান, ‘আজ বৃহস্পতিবার বিকেলে ছেলের বাবার ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু কী হলো। এখন আমার তিনটা নাবালক ছেলের কী হবে। কে দেখবে ওদের।’বাবরাহাচলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত হোসেন জানান, দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত মেটানোর জন্য একাধিকবার সালিস হয়েছে। মারামারি-কাটাকাটি করবে না এই মর্মে থানায় উভয় পক্ষের নেতাদের মুচলেকাও নেওয়া আছে। কিন্তু কার কথা কে শোনে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, গ্রাম্য কোন্দলেই মোশারেফ খুন হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।