আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে দাড়িয়া বংশের সঙ্গে হাওলাদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হয়েছে।সংঘর্ষের সময় অন্তত ৪০টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য টুঙ্গিপাড়া, বরিশাল ও খুলনায় পাঠানো হয়েছে।মালিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পেনাখালী গ্রামের শাহজাহান শেখ বলেন, ‘১৫ দিন আগে দাড়িয়া বংশের লোকজন আমাদের (শেখ ও হাওলাদার বংশের) বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করে। এ সময় আমাদের কয়েকজন লোক আহত হন। গত সোমবার রাতে আবার তারা আমাদের ওপর হামলার জন্য স্থানীয় সাতলা বাগদা বেড়িবাঁধের কাছে বৈঠক করে। বিষয়টি আমরা জানতে পেরে মাটিভাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রে জানিয়েছি। গত মঙ্গলবার সকাল নয়টার দিকে তারা আমাদের ওপর হামলা চালায় এবং গুলি চালিয়ে ও কুপিয়ে মৎস্য ব্যবসায়ী বাবুল শেখকে (৩২) হত্যা করে। এরপর আমরা একত্রিত হয়ে তাদের ওপর হামলা করি। দুই পক্ষের সংঘর্ষে আমাদের ৫০ জন আহত হয়েছেন।’গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন মালিখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম দাড়িয়া বলেন, ‘প্রায় এক মাস আগে শেখ ও হাওলাদার বংশের লোকজন আমাদের বংশের মিজান দাড়িয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। মিজান এখনো হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার তারা আবার আমাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও গুলি করে ইয়াহিয়া দাড়িয়াকে (৩২) হত্যা করে। হামলায় আমার বংশের প্রায় ৬৫ জন আহত হয়েছেন। তারা আমাদের প্রায় ৪০টি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।’মালিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুমন মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে দাড়িয়া বংশের সঙ্গে হাওলাদার ও শেখ বংশের বৈরী সম্পর্ক চলে আসছে। এরই জের ধরে গত মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস উদ্দিন বলেন, গত বুধবার বেলা দুইটা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ভানু লাল দাস গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।