নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আধিপত্যের বিস্তার নিয়ে সিটি করপোরেশনের এক কাউন্সিলরের সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন যুবলীগের নেতার লোকজন। এতে দুজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্যের বিস্তার নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমানের সঙ্গে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের বিরোধ বাধে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে সোনা মিয়া মার্কেট এলাকায় মতির সমর্থক গুজা লিটন, তাঁর ভাই স্বপন, মনির, পাইলট লিটনসহ ১০-১২ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সিরাজের সমর্থক সোহাগ, শিশির, জসিমসহ পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করেন। এর মধ্যে সোহাগ ও শিশিরের ডান পায়ে গুলি করা হয়।
সন্ত্রাসীরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন আহত পাঁচজনকে প্রথমে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে সোহাগ ও শিশিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।