আধিপত্য বিস্তার নিয়ে হামলা গোলাগুলিতে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলের রামনারায়ণপুর ইউনিয়নের ছোবহানপুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে রহমত উল্লা (৪৫), মো. লাভলু (৩০) ও মো. কুদ্দুস (৩৮) নামের তিন ভাই আহত হয়েছেন। তাঁদের মধ্যে রহমত উল্লা ও লাভলুকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের মো. রিয়াদের সঙ্গে ও রামনারায়ণপুর ইউনিয়নের পাঁচঘড়িয়ার লাভলুর বিরোধ চলছিল। এর জের ধরে গত মঙ্গলবার রিয়াদকে ধরে পাঁচঘড়িয়া এলাকায় মারধর করে একদল সন্ত্রাসী। রিয়াদ ঘটনার জন্য লাভলুকে দায়ী করেন। এ ঘটনার জের ধরে রিয়াদ সীমান্তবর্তী লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া এলাকার একটি সন্ত্রাসী দলকে ভাড়া করে বুধবার রাত ১১টার দিকে ছোবহানপুর বাজারে লাভলু ও তাঁর দুই ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিতে লাভলু ও তাঁর বড় ভাই রহমত উল্লা গুলিবিদ্ধ হন। এ সময় তাঁদের ভাই কুদ্দুসকেও মারধর করে সন্ত্রাসীরা।দুই পক্ষের গোলাগুলির কথা নিশ্চিত করেন চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল। তিনি গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু লক্ষ্মীপুর থেকে সন্ত্রাসীরা আসায় পুলিশ গিয়ে কাউকে পায়নি।